• মুম্বইয়ের বহুতল আবাসনে আগুন, শিশু-সহ ২ জনের মৃত্যু
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন। দুর্ঘটনায় ২ বছরের এক শিশু-সহ দু'জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৬ জন। মঙ্গলবার রাতে, মুম্বইয়ের পশ্চিম ভিলে পার্ল এলাকার ওই বহুতলে ওই আগুন লাগে।

    জখম দমকলের দুই কর্মী

    পুলিশ এবং দমকল সূত্রে খবর, মুম্বইয়ের ভিলে পার্লে পশ্চিম (Vile Parle West) এলাকার ১২-তলার ওই আবাসনের ১১ তলায় আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২ বছরের এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। ছ’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দমকলের দু'জন কর্মী। আগুন নেভাতে গিয়ে আহত হন তাঁরা।

    আগুন লাগার কারণ

    প্রায় ৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে গিয়েছে বৈদ্যুতিক তার, সরঞ্জাম, এয়ারকন্ডিশন ইউনিট, গৃহস্থালির জিনিস, সোফা, বিছানা, ফলস সিলিং এবং রান্নাঘরের বাসনপত্র। মঙ্গলবার রাত ১০টা নাগাদ এই আগুন লাগে বলে সূত্রের খবর। রাত ১টা নাগাদ ওই আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। এর কারণ জানতে তদন্ত চলছে।

    আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে

    পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম আবির (২) এবং অঙ্কিতা (২৩)। আগুন নিয়ন্ত্রণে আসার পরে ওই দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নানাবতী হাসপাতালে। সেখানেই দু'জনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। অন্যদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

  • Link to this news (এই সময়)