এই সময়: ফের সক্রিয় হচ্ছে বর্ষা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও লাগোয়া এলাকায় বায়ুমণ্ডলের উপরের দিকের স্তরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তটি কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এর প্রভাবে আজ, বুধবার সমুদ্রের উপরের ওই এলাকাতেই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এর ফলে আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণ — রাজ্যের দু’প্রান্তেই বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
আবহবিদরা জানাচ্ছেন, আজ দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে কিছু জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত (অর্থাৎ ভারী থেকে অতি ভারী) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির (৭–১১ সেমি) সতর্কতা জারি করা হয়েছে।
কাল, বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। পরশু, শুক্রবার দুই বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম এবং স্বাধীনতা দিবসের দিন বীরভূম, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।
উত্তরবঙ্গে আজ থেকে প্রতিটি জেলাতেই হালকা–মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কাল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা।
শুক্র ও শনিবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা। রবিবার, ১৬ অগস্ট এই তালিকায় যুক্ত হবে উত্তর দিনাজপুরও। সোমবার, ১৭ অগস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।