• মোহনবাগানে ম্লান অধ্যায়ের শেষে নতুন শুরু! হারানো সেই ঝলক কি ফেরাতে পারবেন তারকা?
    আজকাল | ১২ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: একসময় বাংলাদেশের ফুটবলে তিনি ছিলেন রীতিমতো এক বিস্ময়। বসুন্ধরা কিংসের জার্সিতে একের পর এক ম্যাচে তাঁর পায়ের জাদুতে মুগ্ধ হয়েছেন ওপার বাংলার ফুটবলপ্রেমীরা। গোল, অ্যাসিস্ট, ড্রিবলিং—সব মিলিয়ে বসুন্ধরার আক্রমণভাগে রবসন রবিনহো ছিলেন অন্যতম ভরসার নাম। সেই ব্রাজিলীয় তারকাই এবার ভারতীয় ফুটবলে নিজের প্রথম অধ্যায় শেষ করে নতুন ঠিকানার পথে পা বাড়াতে চলেছেন। সূত্রের খবর, মোহনবাগান ছেড়ে রবসন রবিনহোর পরবর্তী গন্তব্য হতে চলেছে মুম্বই সিটি এফসি।

    রবসনের ফুটবলজীবনের দিকে তাকালে ছবিটা বেশ বৈচিত্র্যময়। বাংলাদেশে বসুন্ধরা কিংসের হয়ে তিনি যে পরিচয় তৈরি করেছিলেন, সেটাই তাঁকে ভারতীয় ফুটবলের বড় মঞ্চে নিয়ে আসে। অস্কার ব্রুজোঁর কোচিংয়ে বসুন্ধরা কিংসের হয়ে রবসন এবং মিগুয়েল মিলে তৈরি করেছিলেন ভয়ঙ্কর আক্রমণভাগ। বসুন্ধরার সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ কারিগর হয়ে উঠেছিলেন রবসন। ২০২০-২১ মরশুমে বাংলাদেশের লিগে ২১ গোল করে তিনি নিজের গোল করার ক্ষমতারও প্রমাণ দিয়েছিলেন।

    সেই সাফল্যের ধারাবাহিকতাতেই রবসনকে ঘিরে তৈরি হয়েছিল বিপুল প্রত্যাশা। মোহনবাগান তাঁকে যখন দলে নেয়, তখন সবুজ-মেরুন সমর্থকদের চোখে ছিল একটাই স্বপ্ন—বাংলাদেশে যে রবসনকে দেখা গিয়েছিল, কলকাতাতেও সেই একই ঝলক দেখা যাবে। ২০২৫ সালের অগস্টে মোহনবাগানের সঙ্গে তাঁর চুক্তি সম্পূর্ণ হয় এবং ব্রাজিলীয় তারকাকে দলের ষষ্ঠ বিদেশি হিসেবে স্বাগত জানানো হয়।

    কিন্তু কলকাতায় এসে সেই প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সুবিচার করতে পারেননি রবসন। তাঁর পায়ের সেই পুরনো ঝলক, গতির সেই দাপট কিংবা প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দেওয়ার ধার—সবকিছুই যেন মাঝেমধ্যে দেখা গিয়েছে, কিন্তু ধারাবাহিকভাবে নয়।

    নতুন মরশুমে বদলে গিয়েছে মোহনবাগানের পরিস্থিতিও। সবুজ-মেরুন শিবিরে এসেছে নতুন কোচিং ভাবনা, নতুন পরিকল্পনা এবং স্কোয়াডে নতুন করে ভারসাম্য আনার চেষ্টা। দলের বিদেশি কম্বিনেশন নিয়েও চলছে ভাবনাচিন্তা। ষষ্ঠ বিদেশির জায়গাটি কীভাবে ব্যবহার করা হবে, সেটাও এখন বড় প্রশ্ন। আর সেই আবহেই রবসনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

    একসময় ইন্দোনেশিয়ার ক্লাব ভয়ঙ্করায় রবসনের যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বলেও খবর ছড়িয়েছিল। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় সেই সম্ভাবনা আর বাস্তবায়িত হয়নি। এবার অবশ্য পরিস্থিতি অন্যরকম। সূত্রের খবর, মুম্বই সিটি এফসি রবসনকে নিয়ে আগ্রহী।

    বাংলাদেশের বসুন্ধরা কিংসে যিনি লিখেছিলেন রূপকথা, কলকাতায় এসে যাঁর গল্পটা কিছুটা ম্লান হয়ে গিয়েছিল—এবার সেই রবসনের সামনে নতুন অধ্যায়। মুম্বই সিটি এফসিতে যদি সত্যিই তাঁর যাত্রা শুরু হয়, তাহলে সেটি শুধু ক্লাব বদল নয়, নিজের হারিয়ে যাওয়া ছন্দ ফিরে পাওয়ারও একটা বড় সুযোগ।
  • Link to this news (আজকাল)