• টালিগঞ্জের পোল্ট্রি ফার্মে বসবে বিশেষ ইনকিউবেটর যন্ত্র
    বর্তমান | ১২ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টালিগঞ্জে অবস্থিত রাজ্য পোল্ট্রি ফার্মে কৃত্রিম উপায়ে একসঙ্গে ৩০ হাজার ডিম ফুটিয়ে বাচ্চা তৈরির জন্য বিশেষ ইনকিউবেটর আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাংলার বৃহৎ পোল্ট্রি ফার্মগুলির একটি। এই ফার্মের মুরগির বাচ্চার চাহিদা ক্রমেই বাড়ছে। এসব বাচ্চা সরকারি প্রকল্পের মাধ্যমে উপভোক্তদের বণ্টন করা হয়। তার পাশাপাশি অন্য অনেক ব্যক্তিও এখান থেকে বাচ্চা নিয়ে প্রতিপালন করেন। তাই জোগান বাড়াতে এই অত্যাধুনিক ইনকিউবেটর আনা হচ্ছে। বর্তমানে এখানে ১৫ হাজার ডিম ফোটানোর ব্যবস্থা আছে। বিপুল চাহিদার পাশে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আরও একটি যন্ত্র আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    ২০২৪-২৫ সালে ৫ লক্ষ মুরগির বাচ্চা সরবরাহ করেছিল এই ফার্ম। ২০২৫-২৬ সালে উৎপাদন বেড়ে দাঁড়ায় ৮ লক্ষাধিক। তাছাড়া ইনকিউবেটরগুলি এখন মাঝেমধ্যে বিকলও হয়ে পড়ে। এতে সমস্যায় পড়তে হয় কর্মীদের। সেই কারণে নয়া মেশিন বসানো হলে সেই ঝুঁকি থাকবে না বলেই মনে করছেন তাঁরা। হিসাবমতো মুরগির ডিম ২১ দিন বাদে ফুটে বাচ্চা বেরোয়। সেইমতো এই ইনকিউবেটরের ধারণক্ষমতা অনুযায়ী ডিম ঢুকিয়ে অপেক্ষা করতে হয়। এক আধিকারিক বলেন, বর্তমানে আটটি ইনকিউবেটর মেশিন কাজ করছে। আরও একটি নতুন যন্ত্র আনা হচ্ছে। তার টেন্ডার প্রক্রিয়া চলছে। দাম প্রায় ছয় লক্ষ টাকা।
  • Link to this news (বর্তমান)