• পার্ক ইনস্টিটিউশনের আরও ৬ ছাত্রী অসুস্থ, সব মিলিয়ে আরজি করে ভর্তি ৩০, ধোঁয়াশা কারণ নিয়ে
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের আরও ছয় পড়ুয়াকে হস্টেল থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত ২৪ জনকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। তারা এখনও চিকিৎসাধীন। মঙ্গলবার আরও ছ’জন ভর্তি হওয়ায় সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৩০। প্রত্যেকেরই উপসর্গ বমি বমি ভাব, পেটে ব্যথা ও জ্বর।

    স্বাস্থ্য দফতর এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন থেকেও প্রতিনিধিদল হস্টেলে গিয়েছে মঙ্গলবার সকালে। ওই প্রতিনিধিরা স্কুল থেকে পানীয় জল এবং রান্নাঘর থেকে খাবারের নমুনা সংগ্রহ সংগ্রহ করেন। স্বাস্থ্যভবন সূত্রে খবর, কী কারণে এই পরিস্থিতি তৈরি হলো, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষ দল গঠন করা হয়েছে।

    সোমবার ওই স্কুলের ২৪ জন আবাসিক ছাত্রী স্কুল থেকে হস্টেলে ফিরে দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করে। বিষয়টি হস্টেল কর্তৃপক্ষের নজরে আসতেই দেরি না করে তড়িঘড়ি তাদের আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, সকলেরই অবস্থা এখন স্থিতিশীল। এ দিন স্কুলের সামনে অভিভাবকদের ভিড় দেখতে পাওয়া যায়। অনেকেই জানান, সোমবারের ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কিত। তাঁরা মেয়েদের হস্টেল থেকে নিয়ে যেতে চান। যদিও ঘটনাটি কী কারণে ঘটল, তা নিয়ে স্কুলের তরফে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি।

  • Link to this news (এই সময়)