সোমবার সন্ধ্যায় ভারী বৃষ্টির কারণে রেল লাইনে জল জমে গিয়ে ট্রেন চলাচলে সমস্যা। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। মঙ্গলবার সকালে ৯টা ৫০-এর ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসৎ পর্যন্ত চালানো হবে বলে জানা গিয়েছে। যদিও, অন্য কোনও ট্রেনের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন করা হয়নি বলেই জানা গিয়েছে। অফিস টাইমে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যা পড়েছেন নিত্যযাত্রীরা।
ঠিক কী ঘটেছে?
রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের কারণে দমদম থেকে কলকাতা টার্মিনাল পর্যন্ত রেল লাইনে জল জমে গিয়েছে। সেই কারণেই ট্রেন চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। যদিও, রেলের তরফে জানানো হয়েছে যে, রেল লাইন থেকে জল সরানোর ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত জল সরিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এই ঘটনায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। প্রতিদিন সকালে বনগাঁ-মাঝেরহাট লোকাল ধরে বহু মানুষ যাতায়াত করেন। কিন্তু, হঠাৎ করেই সকালের ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে প্রবল সমস্যা তৈরি হয়েছে। নিত্যযাত্রীদের একাংশ জানিয়েছেন, আগে থেকে জানা থাকলে বিকল্প ব্যবস্থা করে তাঁরা গন্তব্যে পৌঁছতে পারতেন।
এ বিষয়ে ভুক্তভোগী নিত্যযাত্রী শীর্ষেন্দু কোলে বলেন, ‘সকালে এই সময়ে বনগাঁ-শিয়ালদহ ডাউন লাইনে ট্রেনের সংখ্যা কম। এর মধ্যে একটি ট্রেন হঠাৎ বারাসত পর্যন্ত চালানোয় গন্তব্যে পৌঁছতে সমস্যা তৈরি হয়েছে।’ কেন আগে থেকে ঘোষণা করা হয়নি, কেন অন্য ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলো না, সে প্রশ্নও তুলেছেন নিত্যযাত্রীদের একাংশ।
অন্য দিকে, সকাল ৯টা ৩৪-এর ব্যারাকপুর-বিবাদি বাগ লোকালেও সমস্যা হয়েছে। ট্রেনটি দমদম থেকে বিবাদি বাগ পর্যন্ত বাতিল করা হয়েছে। এর ফলে, ট্রেনটি ব্যারাকপুর থেকে দমদম পর্যন্ত গিয়েছে। যদিও, এই ট্রেনটির ক্ষেত্রে আগাম কোনও ঘোষণা হয়েছিল কি না তা জানা যায়নি। কী কারণে ট্রেনটির যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে, তাও স্পষ্ট নয়।
এক নজরে
FAQ
ট্রেন চলাচলে হঠাৎ কেন এই বিঘ্ন ঘটেছে?
সোমবার সন্ধ্যায় ভারী বৃষ্টির কারণে দমদম থেকে কলকাতা টার্মিনাল পর্যন্ত রেললাইনে জল জমে যায়। এই জলমগ্ন লাইনের কারণেই মূলত ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
২.বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রীরা কেন সমস্যায় পড়েছেন?
সকাল ৯টা ৫০ মিনিটের ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালটি মাঝেরহাট পর্যন্ত না গিয়ে বারাসত স্টেশনেই যাত্রা শেষ করে দেয়। আগে থেকে কোনো ঘোষণা না থাকায় অফিসযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
৩. ব্যারাকপুর-বিবাদী বাগ লোকালটির ক্ষেত্রে কী পরিবর্তন করা হয়েছে?
সকাল ৯টা ৩৪ মিনিটের ব্যারাকপুর-বিবাদী বাগ লোকালটির রুট ছোট করে দেওয়া হয়। ট্রেনটি দমদম পর্যন্ত যায় এবং দমদম থেকে বিবাদী বাগ পর্যন্ত এর যাত্রা বাতিল করা হয়।
৪. যাত্রীদের মূল অভিযোগ কী?
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, ট্রেনের রুট পরিবর্তনের বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা করা হয়নি। আগে থেকে জানা থাকলে তাঁরা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে পারতেন। তাছাড়া, পরিস্থিতি সামাল দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থাও করা হয়নি।
৫. রেল পরিষেবা স্বাভাবিক করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, দ্রুত লাইন থেকে জল সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে যাত্রী পরিষেবা পুনরায় আগের মতো করার চেষ্টা চলছে।