• পৃথক ওয়েবসাইট হচ্ছে সপ্তম বেতন কমিশনের, লক্ষ্য ভুয়ো তথ্য রোখা
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • এই সময়: কর্মীদের ‘আপডেটেড’ রাখতে সপ্তম বেতন কমিশনের একটি ওয়েবসাইট চালু হচ্ছে। সোমবার নবান্নে সদ্য গঠিত এই কমিশনের সদস্যরা প্রথম বৈঠক করেন। সেই বৈঠকেই ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সম্প্রতি সপ্তম বেতন কমিশনের সুপারিশের নামে একটি নথি সোশ্যাল মিডিয়া এবং সরকারি কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাতে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা অনেকটাই বাড়ানোর সুপারিশ ছিল। ফি বছর ন্যূনতম ৫ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশও ছিল। রাজ্যের তরফ থেকে এ দিন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো, ওই নথি সম্পূর্ণ ভুয়ো। এই রকমের ভুয়ো নথি ছড়িয়ে পড়া রুখতেই ওয়েবসাইট তৈরিতে জোর দেওয়া হয় বৈঠকে।

    এ দিনের বৈঠকের মূল লক্ষ্য ছিল কমিশনের কাজের পরিধি ও রোডম্যাপ নিয়ে প্রাথমিক আলোচনা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশন এবং সরকারি বিভিন্ন পরিষেবার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখাই তাদের মূল কাজ। শুরুতেই কমিশনের নজরে আসে ওই বিভ্রান্তিকর নির্দেশিকা। নবান্নের পর্যবেক্ষণ, এই রকমের ভিত্তিহীন নথি সরকারি কর্মী তো বটেই সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি করছে। বিজ্ঞপ্তিতে নবান্নের তরফে স্পষ্ট করা হয়েছে, ‘কমিশন সবেমাত্র গঠন করা হয়েছে। সদ্য কাজ শুরু করেছে। এখনও কোনও সুপারিশের খসড়া বা রিপোর্ট তৈরি করা হয়নি।’

    ভবিষ্যতে সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাস্য এবং কমিশনের প্রক্রিয়া বজায় রাখতে খুব তাড়াতাড়ি এই ওয়েবসাইটে সব রকমের পরামর্শ দেওয়া যাবে। পাশাপাশি তথ্য সংগ্রহ এবং স্মারকলিপি জমা দেওয়ারও সুযোগ থাকবে। এই ওয়েবসাইটেই প্রকাশ করা হবে বেতন কমিশন সংক্রান্ত যাবতীয় নোটিস।

  • Link to this news (এই সময়)