• চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, শিলিগুড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ করে সোমবার রাতে সেবক রোডে পথ অবরোধ করেন শতাধিক মানুষ। এই ঘণ্টার বেশি সময় ওই রাস্তা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তুলে দেয়। যদিও অবরোধ তুলতে নাজেহাল হতে হয় ভক্তিনগর থানার পুলিশকে। এই অভিযোগ এবং ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে পুলিশ।

    বেসরকারি হাসপাতালে মৃত্যু

    দিন চারেক আগে আগে প্রধাননগরের গুড়ুং বস্তির এক যুবককে চিকিৎসার জন্য সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসার পর সোমবার ওই যুবককে ছুটি দেওয়ার কথা বলা হয়েছিল বলে জানিয়েছেন তাঁর পরিজনরা। কিন্তু সোমবার সন্ধ্যার পর থেকে হঠাৎই রোগীর সম্বন্ধে কোনও খবর দেওয়া হচ্ছিল না পরিবারের সদস্যদের বলে অভিযোগ। বিষয়টি সন্দেহজনক মনে হওয়াতে পরিবারের লোকেরা রোগীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ পরিজনদের রোগীর সঙ্গে দেখা করতে দিতে নারাজ হয় বলে অভিযোগ। এরপর বিষয়টি স্থানীয়দের কয়েকজনকে ফোনে জানান তাঁরা। সন্দেহজনক মনে হওয়াতে গুরুং বস্তি থেকে কয়েকজন যুবক ওই নার্সিংহোমে চলে আসে। এক প্রকার জোর করে ভিতরে ঢুকে পড়ে রোগীর আত্মীয় ও প্রতিবেশীরা। আগেও ওই যুবকের মৃত্যু হয় বলে দাবি তাঁদের।

    রাস্তা অবরোধ করে বিক্ষোভ

    কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা পরিবারকে জানানো হয়নি বলেও দাবি তাঁদের। এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে কর্মচারীদের কয়েক জন বাড়ির লোকেদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন বলেও অভিযোগ করেন তাঁরা। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। গুরুং বস্তি এবং আশেপাশের এলাকা থেকে কয়েকশ' মানুষ গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে দাবি করে পথ অবরোধ শুরু করেন।

    যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নার্সিংহোম কর্তৃপক্ষ। অভিযোগ দায়ের হলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এক আধিকারিক।

    এক নজরে

    FAQ

    কোথায় পথ অবরোধ করা হয়?

    পথ অবরোধ করা হয় শিলিগুড়ির সেবক রোডে।

    কখন এই পথ অবরোধ হয়?

    সোমবার রাতে রাস্তা অবরোধ করে রাখা হয়।

    কারা এই অবরোধ করেন?

    প্রধাননগরের গুড়ুং বস্তি এলাকার বাসিন্দারা পথ অবরোধ করেন।

    কেন এই অবরোধ?

    চিকিৎসার গাফিলতিতে গুড়ুং বস্তি এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে অবরোধ করা হয়।

    কার বিরুদ্ধে অভিযোগ?

    এই অভিযোগ উঠেছে একটি বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে।

    কী জানিয়েছে পুলিশ?

    তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে ভক্তিনগর থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)