নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত ৯ দিন ধরে অনশন করছিলেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা (JLKM)-র নেতা দেবেন্দ্রনাথ মাহতো। তাতেই অসুস্থ হয়ে পড়েন। সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে তাঁকে রাঁচি সদর হাসপাতালে ভর্তি করালো পুলিশ। তবে দেবেন্দ্রর অভিযোগ, তাঁকে জোর করে অ্যাম্বুল্যান্সে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ দিন আন্দোলনকারীদের বিধানসভা অভিযানেও যোগ দিয়েছিলেন তিনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, দেবেন্দ্রর অবস্থা আশঙ্কাজনক। রক্তে শর্করার মাত্রা ‘অস্বাভাবিক ভাবে কমে’ গিয়েছে। রাঁচি সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ন্যান্সি প্রিয়া সংবাদ সংস্থা PTI-কে বলেন, ‘এমার্জেন্সিতে রেখে তাঁর চিকিৎসা চলছে।’ দেবেন্দ্রর সঙ্গে হাসপাতালে রয়েছেন ছাত্রনেতা পঙ্কজ কুমার। তাঁর অভিযোগ, ‘বিধানসভার কাছে পুলিশের লাঠিচার্জের সময়ে গুরুতর আহত হয়েছিলেন দেবেন্দ্র।’ তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি রাঁচি পুলিশ।
এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ পুরোনো বিধানসভা ভবনের সামনে থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। একের পর এক ব্যারিকেড ভেঙে নতুন বিধানসভার দিকে এগোতে থাকেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আন্দোলনকারীরা জগন্নাথ মন্দিরের কাছে পৌঁছলে জলকামান ছুড়তে শুরু করে পুলিশ। শুরু হয় লাঠিচার্জ।
তার পরেও থামানো যায়নি আন্দোলনকারীদের। বিধানসভার ২০০ মিটারের মধ্যে পৌঁছে যান তাঁরা। তখন কয়েক দফায় কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে বিধানসভার ১ নম্বর গেটের কাছে অবস্থান-বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ফের লাঠিচার্জ করে পুলিশ।
পুলিশি পদক্ষেপে বেশ কয়েক জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে অভিযোগ। জখম হয়েছেন বেশ কয়েক জন পুলিশ কর্মীও। রাঁচির সিটি এসপি পরশ রানার কথায়, ‘চার জন পুলিশকর্মী জখম। তাঁদের মধ্যে তিন জনের মাথায় গুরুতর চোট লেগেছে।’
হাসপাতালে ভর্তি হওয়ার আগে দেবেন্দ্র বলেন, ‘সরকার পড়ুয়াদের আন্দোলন দমন করার চেষ্টা করছে।’ একই সঙ্গে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেবেন্দ্রর কথায়, ‘লাঠি, গুলি আর বন্দুক দিয়ে কোনও সরকার চালানো যায় না। আমি ন’দিন ধরে অনশন করছি। ওরা আমার উপরেও অত্যাচার করেছে। জোর করে আমাকে অ্যাম্বুল্যান্সে তুলে দিয়েছে। কিন্তু আমি এই লড়াই চালিয়ে যাব।’
প্রশ্ন: কেন অনশন করছিলেন দেবেন্দ্রনাথ মাহতো?
উত্তর: নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত ৯ দিন ধরে অনশন করছিলেন তিনি।
প্রশ্ন: কেন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়?
উত্তর: দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক ভাবে কমে যায়। এরপর তাঁকে রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রশ্ন: বিধানসভা অভিযানে কী ঘটেছিল?
উত্তর: আন্দোলনকারীরা একের পর এক ব্যারিকেড ভেঙে বিধানসভার দিকে এগিয়ে যান। তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামান, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয় বলে অভিযোগ।
প্রশ্ন: দেবেন্দ্রনাথ মাহতোর কী অভিযোগ?
উত্তর: তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে জোর করে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছে। পুলিশের বিরুদ্ধে আন্দোলন দমনেরও অভিযোগ তুলেছেন তিনি।
প্রশ্ন: পুলিশ কত জন আহত হয়েছে বলে জানিয়েছে?
উত্তর: রাঁচির সিটি এসপি পরশ রানা জানিয়েছেন, চার জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের মাথায় গুরুতর চোট লেগেছে।