• গাঁজা পাচারকারীদের ধরতে ব্যস্ত পুলিশ, সেই সুযোগে চুরি লক্ষাধিক টাকার মোবাইল ফোন ও নগদ, চাঞ্চল্য গাজ়িয়াবাদে
    এই সময় | ১০ আগস্ট ২০২৬
  • গাঁজা পাচারকারীদের ধরতে ব্যস্ত ছিল পুলিশ। চলছিল গুলিও। আর সেই সুযোগেই ঘটনাস্থল থেকে মাত্র ৪০০ মিটার দূরে একটি মোবাইল ফোনের দোকানে লুটপাট চালায় দুষ্কৃতী। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। জানা গিয়েছে, লক্ষাধিক টাকার মোবাইল ফোন এবং নগদ টাকা চুরি গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদ এলাকার মির্জ়াপুরের হাজি ইলিয়াস বাজারে মোবাইল ফোনের দোকান রয়েছে হাজি সামি নামে এক ব্যক্তির। শনিবার রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। রবিবার সকালে দোকান খুলতে এসে মাথায় হাত পড়ে ব্যবসায়ীর। তিনি দেখেন দোকানের শাটার ভাঙা রয়েছে। দোকানের মধ্যে ঢুকে দেখেন, দোকান থেকে অনেকগুলি মোবাইল ফোন উধাও। এমনকী, দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ টাকাও নেই।

    সমস্ত ঘটনাটি দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে মোবাইল ফোন এবং নগদ টাকা চুরি করছে। পুলিশের কাছে অভিযোগে সামি জানিয়েছেন, ছ’লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন এবং নগদ ছ’হাজার টাকা চুরি গিয়েছে দোকান থেকে। যদিও, ওই যুবকের পরিচয় কী, তা এখনও জানতে পারেনি পুলিশ। ঘটনাতর তদন্ত চলছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

    এখানেই চমকের শেষ নয়। জানা গিয়েছে, শনিবার এই চুরির ঘটনার সময়েই মাত্র ৪০০ মিটার দূরে পুলিশ উপস্থিত ছিল। তিন গাঁজা পাচারকারীকে ধরার জন্য এলাকায় অভিযান চালাচ্ছিল পুলিশ। জানা গিয়েছে, বিপুল পরিমাণ গাঁজা নিয়ে তিন জন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে সময়ে পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। পুলিশের গুলিতে গুরুতর আহত হয় দু’জন। তাদের গ্রেপ্তার করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

    তবে, এই ঘটনায় উঠছে প্রশ্ন। চুরির ঘটনার সময়ে পুলিশ ঘটনাস্থলের কাছেই উপস্থিত থাকা সত্ত্বেও কেন এই ঘটনা আটকানো গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    এক নজরে

    FAQ

    চুরির ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে?

    উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের মির্জ়াপুর এলাকার হাজি ইলিয়াস বাজারে একটি মোবাইল ফোনের দোকানে ঘটনাটি ঘটেছে।

    দোকান থেকে মোট কত টাকার জিনিস চুরি গিয়েছে?

    দোকানের মালিকের অভিযোগ অনুযায়ী, প্রায় ছ'লক্ষ টাকা মূল্যের একাধিক মোবাইল ফোন এবং নগদ ছ'হাজার টাকা চুরি গিয়েছে।

    চুরির সময় পুলিশ কাছেই কী করছিল?

    চুরির সময় ঘটনাস্থল থেকে মাত্র ৪০০ মিটার দূরে পুলিশ তিন গাঁজা পাচারকারীকে ধরার অভিযানে ব্যস্ত ছিল। সেখানে পাচারকারীদের সঙ্গে পুলিশের গুলির লড়াইও হয় এবং পুলিশ দু'জনকে গ্রেপ্তার করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

    চোরকে কি ধরা সম্ভব হয়েছে?

    এখনও পর্যন্ত চোরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বা তার পরিচয় জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজে এক যুবককে চুরি করতে দেখা গিয়েছে এবং পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

  • Link to this news (এই সময়)