• মানুষ সতর্ক করতে নিজের ছবি দিয়ে পোস্টার বানানোর পরামর্শ দিলীপ ঘোষের
    এই সময় | ১০ আগস্ট ২০২৬
  • পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে ‘পরামর্শ’ দিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। এই নিয়ে মানুষকে সতর্ক করতে নিজের ছবি দিয়ে এলাকায় পোস্টার লাগানোর জন্য দলের নেতা-কর্মীদের পরামর্শ দেন তিনি। রবিবার, খড়্গপুরে, পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে সবাইকে সাবধানে চলাফেরার করার কথা বলতে গিয়েই এই কথা বলেন দিলীপ ঘোষ।

    দলের নেতাদের পরামর্শ

    দলের অনেক নেতা-কর্মীই নিজের ছবি তুলতে এবং প্রচার করতে ভালোবাসেন। তাঁদেরকেই নিজেদের ছবি দিয়ে পোস্টার বানিয়ে তাতে সতর্কবাণী লিখে এলাকায় টাঙিয়ে রাখার ‘বুদ্ধি’ দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। রবিবার, খড়্গপুর পুরসভার সামনে পথ নিরাপত্তা বিষয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি হয়। সেখানে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ অন্য আধিকারিকরা। ওই কর্মসূচিতেই, যে সমস্ত নেতা ছবি তুলতে ভালোবাসেন তাঁদের উদ্দেশ্য করে পোস্টার বানানোর পরামর্শ দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘অনেকেই নিজের ছবি দিতে পছন্দ করেন, ভালোবাসেন। আপনি আপনার নিজের ছবি আর সতর্কবাণী দিয়ে ব্যানার পোস্টার লাগান। তাতে লিখুন ‘সাবধানে পথ চলাচল করুন’। এটা লিখে মোবাইলে পোস্ট করুন। আপনার এলাকায় ছবি দিয়ে মানুষকে সতর্ক করে রাস্তায় হোডিং লাগান।’

    কেন এই পরামর্শ?

    পঞ্চায়েত মন্ত্রীর অভিযোগ, পথ নিরাপত্তা বিষয়ে সবাইকে সচেতন করা হলেও অনেকেই ট্রাফিক আইন মানছেন না। সেই কারণে মানুষকে সতর্ক করতে হবে। আর এক বার সতর্ক করলে হবে না। মানুষ ভুলে যায়। সেই জন্য বার বার একই কথা হবে। রাস্তায় গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময়ে তা নজরে এলে অনেকেই সতর্ক হবে বলেও মনে করেন তিনি। সেই সঙ্গেই তাঁর মতে, নিজে সচেতন হয়ে গাড়ি চালালেই হবে না, অন্য জনকেও তা মানতে হবে। কারণ, এক জনের ভুলে দুর্ঘটনা ঘটলে রাস্তায় অনেককেই দুর্ভোগে পড়তে হয়। সবাইকে সতর্ক হয়ে নিয়ম মেনেই গাড়ি চালানোর কথাও বলেন তিনি।

    পুলিশকে ছাতা

    এ দিন পথ নিরাপত্তার বিভিন্ন পোস্টার নিয়ে সবাইকে সচেতন করতে মাইকিং সহযোগে খড়্গপুর শহরে একটি শোভাযাত্রাও হয়। তাতে অংশ নেয় স্কুল পড়ুয়ারাও। পথ নিরাপত্তা কর্মসূচিতে ট্রাফিক পুলিশদের হাতে রেনকোট এবং ছাতাও তুলে দেন পঞ্চায়েত মন্ত্রী।

    এক নজরে

    FAQ

    কোথায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ?

    রবিবার, খড়্গপুর পুরসভার সামনে পথ নিরাপত্তা বিষয়ে একটি সচেতনতামূলক কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

    আর কে ছিলেন?

    পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনের অনুষ্ঠানে ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ অন্য আধিকারিকরা।

    কী পরামর্শ দেন দিলীপ ঘোষ?

    সবাইকে সতর্ক হয়ে নিয়ম মেনেই গাড়ি চালানোর পরামর্শ দেন দিলীপ ঘোষ।

    দলের নেতাদের কী বলেন তিনি?

    মানুষকে সতর্ক করতে দলের নেতাদের নিজেদের ছবি এলাকায় হোডিং লাগানোর পরামর্শও দেন তিনি। তাতে কী লেখা থাকবে তাও জানিয়ে দেন পঞ্চায়েত মন্ত্রী।

    কেন এই পরামর্শ?

    সবাই যাতে বার বার দেখে গাড়ি চালানোর সময়ে সতর্ক হন তার জন্য এই পরামর্শ।

  • Link to this news (এই সময়)