পেট্রলে ইথানলের পরিমাণ বেশি, টাকা ফেরাতে বাধ্য হল পাম্প কর্তৃপক্ষ
বর্তমান | ০৮ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পেট্রলে ইথানল মেশানো নিয়ে বর্তমানে সরগরম দেশের রাজ্যনীতি। বাঁকুড়ায় আরও বেশি পরিমাণ ইথানল মিশিয়ে একটি পাম্প বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। এক যুবক তেল কিনে তা বুঝতে পারেন। এরপর অন্যান্য ক্রেতাদের নিয়ে তিনি পাম্পে গিয়ে প্রতিবাদ করেন। রানিবাঁধের একটি পাম্পে এনিয়ে উত্তেজনা ছড়ায়। পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভেজাল পেট্রল বিক্রির খবর পেয়ে রানিবাঁধ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে চাপে পড়ে ওই পাম্প কর্তৃপক্ষ ক্রেতাদের টাকা ফেরত দিতে বাধ্য হয়। পাম্পের এক কর্মী বলেন, পেট্রলে ইথানলের পরিমাণ বেশি ছিল। পুলিশের নির্দেশে আমরা পেট্রল বিক্রি বন্ধ রেখেছি। অভিযোগকারী ক্রেতাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। রানিবাঁধ থানার এক আধিকারিক বলেন, ভেজাল পেট্রল বিক্রি নিয়ে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ শুক্রবার রাতে ওই পাম্পে গিয়েছিল। আপাতত ওই পাম্পে তেল বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে। উল্লেখ্য, প্রত্যন্ত এলাকার পাম্পগুলি থেকে যানবাহনের পাশাপাশি বিভিন্ন পাত্রে তেল বিক্রি করা হয়। প্লাস্টিকের জলের খালি বোতলে ভরে অনেকে পেট্রল নিয়ে যান। ঘটনার দিন সকালে রানিবাঁধের আকখুটা এলাকার বাসিন্দা এক যুবক প্লাস্টিকের বোতলে পেট্রল কিনেছিলেন। কিছুক্ষণ পর তিনি তেলের উপরিভাগে জলের মতো জিনিস ভাসতে দেখেন। পেট্রলের রং কিছুটা ফিকে ছিল বলে অভিযোগ। ওই যুবক সোশ্যাল মিডিয়ায় বিষয়টি লাইভ করেন। তাঁর সঙ্গে অন্যান্য ক্রেতারাও বিষয়টি নিয়ে সরব হন। প্রথম দিকে পেট্রল পাম্পের কর্মীরা বিষয়টিতে আমল দিতে চাননি। তবে স্থানীয়রা জড়ো হওয়ায় পাম্প কর্তৃপক্ষ চাপে পড়ে যায়। পুলিশ গিয়ে স্থানীয়দের শান্ত করে। বোতল ও জারভরতি পেট্রল অনেকে ফেরত দিয়ে দেন। তাঁদের টাকা পাম্পের এক ম্যানেজার ফেরত দেন। সেই বিষয়টিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগকারীরা তুলে ধরেন। ইথানল মিশ্রিত পেট্রল বিক্রি নিয়ে দেশজুড়েই বিতর্কে ঝড় বইছে। তারমধ্যে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় ভেজাল পেট্রল বিক্রির অভিযোগ ওঠায় নেটিজেনরা কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রায়াত্ত তেল সংস্থাগুলির বিরুদ্ধে সরব হয়েছেন।