• দুর্গাপুরে পুরভোট কবে! বাড়ছে অনিশ্চয়তা
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কলকাতা ও হাওড়ার পুর নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা করেছেন। চলতি বছরে ভোট করানোর যেমন ইঙ্গিত দিয়েছেন তেমনি দুটি পুর এলাকার ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশনও বসতে চলেছে। হাওড়ার মতোই দুর্গাপুর পুরসভার নির্বাচনও প্রায় দশ বছর হয়নি। এনিয়ে মুখ্যমন্ত্রী কোন মন্তব্য না করায় চলতি বছরে পুরো ভোট  হবে কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে। প্রশাসনের অভ্যন্তরে খবর, খুব সম্ভবত সরকার কলকাতা ও হাওড়ার পুর ভোট করে পুরবাসীর মনোভাবের অ্যাসিড টেস্ট করতে চলেছে। তারপর খুব সম্ভবত, আসন্ন বছরের ফেব্রুয়ারি মাসে পুর ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুরভোটের জন্য ফের অপেক্ষা করতে হতে চলেছে শহরবাসীকে। 

    বিগত বিধানসভা নির্বাচনের ভোট প্রচারে বিজেপি দাবি করেছিল নির্বাচনে জয়লাভের পরই দুর্গাপুর পুরসভার স্বচ্ছ নির্বাচন করানো হবে। তৃণমূল সরকার থাকাকালীন ২০১৭ সালে শেষ বার পুর নির্বাচন হয়েছিল। যাঁর স্বচ্ছতা নিয়ে বিস্তর প্রশ্ন। তারপর বিগত সরকার আর দুর্গাপুরে পুর নির্বাচন করার সাহস দেখায়নি। বিধানসভা ভোটে বিজেপির এই দাবি সাদরে গ্রহণ করেছিল শহরবাসী। দুটি আসনেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে।  সরকার গঠনের পর দুর্গাপুরে এসে খোদ মুখ্যমন্ত্রী পুজোর পরে দুর্গাপুরে পুর নির্বাচন করার বার্তা দিয়েছিলেন। দুর্গাপুর পুরসভার সম্প্রসারণ নিয়েও প্রশাসনিক মহলে বিস্তর আলোচনা শুরু হয়। ৪৩ ওয়ার্ডের পুরসভার ৫৯ ওয়ার্ডের হতে চলেছে বলে প্রশাসনিক মহলে কানাঘুষো চলতে থাকে। কিন্তু মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন আপাতত কলকাতা ও হাওড়া নিয়েই মনোনিবেশ করেছে রাজ্য সরকার। তাই দুর্গাপুরবাসীর আশঙ্কা হাওড়ার সঙ্গে হয়তো পুরভোট হবে না দুর্গাপুরে। পুরভোট দেওয়ার জন্য আরো একটা নতুন বছরের অপেক্ষা করতে হবে শহরবাসীকে। কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, বর্তমান অবস্থায় দুর্গাপুরের প্রতি ওয়ার্ডে বিজেপি যোগ্য লোককে প্রার্থী হিসাবে খুঁজে পাবে না। তাঁদের মধ্যে আভ্যন্তরিন দ্বন্দও প্রবল। তাই পুরভোট করানোর সাহস দেখাবে না। সিপিএম জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু বলেন, দুর্গাপুরে বিজেপির সাংগঠনিক দুর্বলতা আছে। সরকারি প্রকল্প নিয়ে মানুষের ক্ষোভ তুঙ্গে। তাই পুরভোট করাতে সাহস পাচ্ছে না। তৎপর্যপূর্ণ ভাবে শুক্রবারই দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেন। পুরভোট নিয়ে কোন আলোচনা হয়েছে? চন্দ্রশেখর বলেন, এনিয়ে কোন মন্তব্য করতে পারব না। আমি শহরের নিকাশি সমস্যা নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।
  • Link to this news (বর্তমান)