সংবাদদাতা, আলিপুরদুয়ার: আপ মহানন্দা লিংক এক্সপ্রেসে দু’মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে জিআরপি এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক গৌতম মাহাতর বাড়ি অসমের রঙিয়ায়। ট্রেনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমন ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। যদিও এনিয়ে রেলের কোনো আধিকারিকের বক্তব্য মেলেনি।
জিআরপি ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে দিল্লিতে দিদির বাড়িতে গিয়েছিলেন ২০ বছর বয়সি শামুকতলার ওই বধূ। প্রচণ্ড ভিড় থাকায় তিনি বিশেষভাবে সক্ষমদের জন্য ট্রেনের নির্দিষ্ট কামরায় উঠে পড়েন। ওই কামরাটি প্রায় ফাঁকাই ছিল। বৃহস্পতিবার রাতে ট্রেন হাসিমারা স্টেশনে থামলে কামরা ফাঁকা হয়ে যায়। বিশেষভাবে সক্ষমদের জন্য নির্দিষ্ট কামরাটিতে তখন ওই বধূ ও অভিযুক্ত যুবক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না। রাত সাড়ে ৮টা নাগাদ ট্রেনটি কালচিনির গারোপাড়া স্টেশন পার হওয়ার পর অসমের ওই যুবক বধূকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে ট্রেন আলিপুরদুয়ার রেল জংশনে পৌঁছতেই বধূ চিৎকার করলে কর্তব্যরত জিআরপি কর্মীরা অভিযুক্তকে ধরে ফেলেন। পরে বধূকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হয়।
পুলিশের তরফে খবর পেয়ে শামুকতলা থেকে জেলা হাসপাতালে চলে আসেন নির্যাতিতার বাড়ির লোকজন। শুক্রবার ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলে পুলিশ। আদালত ধৃতকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে বলে আলিপুরদুয়ার থানা সূত্রে জানা গিয়েছে।