মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড়! বৃহস্পতিবার উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ারের সঙ্গে সদ্য বিহারের বাঁকিপুরে নির্বাচিত বিধায়ক প্রশান্ত কিশোরের বৈঠক ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছে। দুই নেতার বৈঠক ঘিরে জোটে ফাটলের আশঙ্কা করেছে বিজেপিও। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে এনসিপি (অজিত) দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলকে শক্তিশালী করে গড়ে তুলতেই প্রাক্তন ভোটকুশলীর সঙ্গে উপমু্খ্যমন্ত্রীর এই বৈঠক। এনসিপির (অজিত) মুখপাত্র সুরজ চ্যবন বলেছেন, ‘তৃণমূলস্তর থেকে দলকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।’ এই বৈঠকে অজিতপুত্র পার্থ ও দলের অন্যান্য বড়ো নেতারাও ছিলেন বলে জানা গিয়েছে।
সুনেত্রা পাওয়ারের সরকারি বাসভবন ‘দেবভূমি’তে এই বৈঠক হয়। বিমান দুর্ঘটনায় মৃত্যুর পর এটা ছিল প্রশান্ত ও সুনেত্রার দ্বিতীয় সাক্ষাৎ। ইতিমধ্যেই অজিতপন্থী এনসিপির ব্যাটন হাতে পেয়েছেন সুনেত্রা। স্বাভাবিকভাবেই এই দ্বিতীয় সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়ায়। এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রপ্রকাশ বাওয়ানকুলে বলেছেন, ‘এটা ওঁদের (এনসিপি) দলীয় বিষয়। তবে এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে জোট শরিকরা একে অপরকে সন্দেহ করেন। প্রত্যেক দলের উচিত মহাযুতির নির্ধারিত নীতিমালা মেনে চলা।’