• এবার কি রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল, জল্পনা বাড়ছে
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৬
  • দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কিন্তু সম্প্রতি তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েই তিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর দিল্লির সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছিলেন। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তাহলে কি কোয়েল মল্লিক গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন? পদত্যাগ করায় স্বাভাবিক নিয়মেই সংসদের উচ্চ কক্ষে আবারও নির্বাচন হবে। সেক্ষেত্রে রাজ্যসভায় কি তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করা কোয়েল মল্লিককেই ফের প্রার্থী করতে চলেছে বিজেপি? 

    রাজ্যসভার এই নির্বাচন কবে হবে, তার নির্ঘণ্ট এখনো পর্যন্ত অজানা। তবে বিজেপি নেতা-কর্মীদের একটি বড়ো অংশই চাইছে, প্রার্থী কাকে করা হবে, তার প্রাথমিক বাছাই করে ফেলুক দলীয় নেতৃত্ব। একটি অংশ চাইছে, রাজ্যসভার প্রার্থী বাছাইয়ে চমক থাকুক। অন্য অংশ চাইছে, যাঁরা দীর্ঘদিন ধরে দলের জন্য ঘাম-রক্ত ঝরালেন, তাদের সম্মান দিক গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্বের একটি অংশের মত, দলের এমন অনেক মহিলা মুখও আছেন, যারা দুঃসময়ে বিজেপির জন্য লড়াই করেছেন। এমনকি তাদের কারো কারো সংসদীয় রাজনীতি সম্পর্কেও অভিজ্ঞতা রয়েছে। তাঁদের মধ্যে কাউকে বেছে নেওয়া হোক। 

    শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘এবিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই কোনো মন্তব্য করার পরিসরও নেই।’ কোয়েল মল্লিককে একাধিকবার ফোন এবং মেসেজ করা হলেও রাত পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তবে শুধুমাত্র রাজ্যসভার আগামী নির্বাচনই নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া নন্দীগ্রাম বিধানসভা আসনেও উপনির্বাচন হবে। এই উপনির্বাচনেও বিজেপির প্রার্থী কাকে করা হতে পারে, তা নিয়েও দল এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি। 
  • Link to this news (বর্তমান)