আরও দু’টি জাতীয় সড়ক নির্মাণের দায়িত্বে অভিযুক্ত সংস্থা
বর্তমান | ০৮ আগস্ট ২০২৬
নয়াদিল্লি: কানপুর-লখনউ এক্সপ্রেসওয়ে হাল দেখে বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা। তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এল। পিএনসি ইনফ্রাটেক লিমিটেড নামে যে সংস্থা দায়িত্বে ছিল, তারা সম্প্রতি আরও দুটি জাতীয় সড়ক প্রকল্পের বরাত পেয়েছে। দু’টি প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৩ হাজার ৪৮৩ কোটি টাকা! কানপুর-লখনউ এক্সপ্রেসওয়ে নিয়ে বিতর্ক শুরু হতেই পিএনসি ইনফ্রাটেকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সংস্থাটিকে ‘ব্ল্যাকলিস্টেড’ করার চিন্তাভাবনাও করা হচ্ছে। সেক্ষেত্রে তাদের হাত থেকে নতুন দুটি প্রকল্প ফেরত নেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
পিএনসির দেওয়া তথ্যেই জানা গিয়েছে, চলতি বছরের ১৬ জুলাই জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে তাদের চুক্তি হয়। হাইব্রিড অ্যানুইটি মডেলে ওই দুটি হাইওয়ে তৈরি হবে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের বারাবাঁকি থেকে মুস্তাফাবাদ পর্যন্ত চার লেনের রাস্তা। এর জন্য খরচ হবে ১ হাজার ৭২৮ কোটি টাকা। মুস্তাফাবাদ থেকে বিসওয়ান পর্যন্ত আরও একটি জাতীয় সড়কও তৈরি করবে তারা। ওই প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ৭৫৫ কোটি টাকা। এবারই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছে পিএনসি ইনফ্রাটেক। ঘুষ সংক্রান্ত একটি মামলায় তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই।