চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে অভিষেককে ‘প্রস্তাব’ দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁরাই বাইরে থেকে চিকিৎসক এনে দেবেন বলে জানালেন তিনি। এরই সঙ্গে হুগলি প্রাক্তন সাংসদ চান, এখানেই চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠুন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
সুপ্রিম কোর্টে অভিষেক
চোখের চিকিৎসা করতে বিদেশ যেতে চাইছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশযাত্রার অনুমতি নিয়ে আদালতে আইনি লড়াই চলছে অভিষেকের। এই আবেদন নিয়ে হাইকোর্টেও গিয়েছিলেন তিনি। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর পরে ফের ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ। উচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার শীর্ষ আদালতে নতুন করে আবেদন করেছেন অভিষেক। আগামী সপ্তাহে এই আবেদনের শুনানি হতে পারে বলে সূত্রের খবর।
আদালতের মত
চোখের চিকিৎসার প্রয়োজনীয়তা যাচাই করতে অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানে চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড তাঁর শারীরিক পরিস্থিতি এবং বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখবে বলে জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে অভিষেক এসএসকেএম-এর চক্ষুরোগ বিশেষজ্ঞদের সামনে হাজির হতে ইচ্ছুক নন বলে আদালতে জানিয়ে দেন তাঁর আইনজীবী। চিকিৎসার জন্য বিদেশযাত্রার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি।বুধবার হাইকোর্ট অভিষেকের আবেদন খারিজ করার পরে একই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
লকেটের প্রস্তাব
যে ভাবে চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে মরিয়া হয়ে উঠেছেন অভিষেক তাকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক। শুক্রবার, দলের একটি কর্মসূচিতে চুঁচুড়া এসেছিলেন লকেট। সেখানেই তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে বার বার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন। এটাই খারাপ লাগে। গরিব মানুষের চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী কার্ড করেছিল তাঁদের সরকার। আর তিনি নিজে বাইরে গিয়ে চিকিৎসা করাতে চান সেটা মানুষ দেখে এসেছে। তবে অভিষেকের চিকিৎসার জন্য রাজ্য সরকার সব রকম ব্যবস্থা করে দেবে। আমরা আমরা চাইব এসএসকেএম বা ভারতবর্ষ বা অন্য কোনও হাসপাতালে উনি চিকিৎসা করান এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ একই সঙ্গে তিনি জানান, বাইরের যে ডাক্তারই লাগুক না কেন সবাইকে নিয়ে এসেছে অভিষেকের চিকিৎসার ব্যবস্থা করানো হবে।
FAQ
কোথায় চিকিৎসা করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করতে চাইছেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কী করেছেন তিনি?
এই নিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কী জানিয়েছিল হাইকোর্ট?
চোখের চিকিৎসার প্রয়োজনীয়তা যাচাই করতে অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে বলে জানিয়েছিল হাইকোর্ট।
আদালতে কী জানিয়েছিলেন অভিষেক?
অভিষেক এসএসকেএম-এর চক্ষুরোগ বিশেষজ্ঞদের সামনে হাজির হতে ইচ্ছুক নন বলে আদালতে জানিয়ে দেন তাঁর আইনজীবী।
কেন সুপ্রিম কোর্টে অভিষেক?
হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেওয়ার পরে ফের সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক।
কী জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়?
এসএসকেএম বা দেশের অন্য কোনও হাসপাতালে চিকিৎসা করিয়ে অভিষেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।
এই জন্য কী করবেন তাঁরা?
অভিষেকের চিকিৎসার জন্য বাইরের যে ডাক্তারই লাগুক না সবাইকে এনে দেওয়া হবে বলেও জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।