তাপসের খুঁটিপুজোয় প্রধান অতিথি বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়াই
বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ১৫ বছর পর পালাবদল হয়েছে রাজ্যে। একদা ‘তৃণমূলের গড়’ হিসাবে পরিচিত রাজারহাট-নিউটাউনেও ফুটেছে পদ্মফুল। জয়ের ব্যবধান মাত্র ৩১৬ হলেও শেষ হাসি হেসেছেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। পরাজিত হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। স্থানীয়দের কথায়, ভোটের পর থেকে দু’জনের সম্পর্ক কার্যত ‘আদায়-কাঁচকলা’য়! তবে কালীঘাট শিবির বদলে ২১ জুলাইয়ের আগে তাপসবাবু ‘ঋত শিবিরে’ শামিল হয়েছেন। তিনি এখন ‘ভালো তৃণমূল’! এর মধ্যে পুজোর ঢাকে কাঠিও পড়েছে। তাপসবাবুর নেতাজি সংঘের খুঁটিপুজোয় বিজেপি বিধায়ক পীযূষবাবুকেই এবার প্রধান অতিথি করা হয়েছে! অনেকের প্রশ্ন, এটি কি ভালো তৃণমূল হওয়ার ফল? তাপসবাবুর অবশ্য দাবি, রাজনৈতিক সৌজন্য।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ৫৬ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে তৃণমূল লিড পেয়েছিল ২৮ হাজার। এবারের বিধানসভা নির্বাচনে তাপসবাবু দ্বিতীয়বারের জন্য এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ছিলেন বিজেপির পীযূষ কানোরিয়া। রাত পর্যন্ত গণনা এবং পুনর্গণনায় শেষমেশ ৩১৬ ভোটে পীযূষবাবুকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফলে গরমিলের অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন তাপসবাবু।নারায়ণপুরের লালকুঠিতে তাপসবাবুর বাড়ি। সেখানেই রয়েছে নেতাজি সংঘ। প্রতিবার নতুন নতুন থিম নিয়ে হাজির হয় এই ক্লাব। এবার ৫০ বছর। সুবর্ণজয়ন্তী বর্ষ। ৯ আগস্ট রবিবার খুঁটিপুজো। পীযূষবাবুকেই প্রধান অতিথি করা হয়েছে। তাপসবাবু নিজে ফোন করে আমন্ত্রণ করেছেন। এ ব্যাপারে তাসপবাবু বলেন, দেখুন এতে রাজনৈতিক কোনো ব্যাপার নেই। আমাদের নেতাজি সংঘ ক্লাব একটি অরাজনৈতিক ক্লাব। আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত। মহারাজ শুভ সূচনা করবেন। পীযূষ কানোরিয়া আমাদের রাজারহাট-নিউটাউনের নব নির্বাচিত বিধায়ক। তাই জনপ্রতিনিধি হিসেবেই তাঁকে প্রধান অতিথি করা হয়েছে। আমি তাঁকে আমন্ত্রণ করেছি। হতে পারে আমাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য রয়েছে। কিন্তু এটা সৌজন্য। এর নেপথ্যে আর কোনো কারণ নেই।