• রাজ্যে শ্রমিক সুরক্ষা নেই, আন্দোলনের হুমকি সংঘ সংগঠনেরই
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলাবাজি সহ একাধিক ইস্যুতে সরকারের সঙ্গে বঙ্গ বিজেপির তালমিলের অভাব প্রকাশ্যে এসে পড়ছে। এবার পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে সরব হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। গত ২ আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘গড়’ কোলাঘাটে একদল দুষ্কৃতীর হাতে বেধড়ক মার খান বিএমএসের রাজ্য সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য। দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় গাড়ি থেকে নামিয়ে জামা ছিঁড়ে শারীরিকভাবে নিগ্রহ করা হয় দেবাশিসবাবুকে। পাঁচদিন কেটে গেলেও বঙ্গীয় গেরুয়া শীর্ষ শ্রমিক নেতার উপর এই বর্বরোচিত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সংগঠনের অবস্থান স্থির করতে শুক্রবার রাজ্য কমিটির জরুরি বৈঠক ডাকে বিএমএস। সেখানেই শুভেন্দুর পুলিশকে হুমকি দিয়েছে ‘বিচার পরিবারে’র এই শাখা সংগঠন। এই ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বিএমএস।

    রাজ্য কমিটিতে বাংলার বিভিন্ন প্রান্তে শ্রমিকস্বার্থে কাজ করা বিএমএস নেতৃত্বের নিরাপত্তাহীনতার প্রসঙ্গ উঠে আসে। বাংলার পুলিশমন্ত্রীর উদ্দেশে বিএমএসের দাবি, শ্রমিক নেতা-কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে এদিনের বৈঠকে উঠে আসে হাওড়ার আরও এক অপ্রীতিকর ঘটনা। গত ২৩ জুলাই পুরসভার সামনে হাওড়া জেলার বিএমএস সম্পাদক রানাপ্রতাপ সিংয়ের উপর প্রাণঘাতী হামলা চালায় সমাজবিরোধীরা। ঘটনাস্থল থেকে খানিক দূরেই অবস্থিত নবান্ন। দুই ক্ষেত্রেই পুলিশের ভূমিকায় আক্ষরিক অর্থে ক্ষুব্ধ বিএমএস। রাজ্যজুড়ে পার্টির বিভিন্ন পর্যায়ে শুভেন্দু অধিকারী সরকারের বিরুদ্ধে অসন্তোষ জমছে। কিন্তু ‘হনিমুন পিরিয়ডে’ সংঘের সঙ্গে পুলিশমন্ত্রীর এই সংঘাত রীতিমতো তাৎপর্যপূর্ণ। সংঘের এক অধিকারী বলেন, ‘এটা হওয়ারই ছিল। আগামীতে সরকারের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি আমরা তুলে ধরব। ট্রেড ইউনিয়নের দখল নিয়ে চলা মাৎস্যন্যায় বন্ধ করতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘কোনো ব্যক্তি সংগঠনের উপরে নয়। তা তিনি যেই হোন।’
  • Link to this news (বর্তমান)