কলকাতায় ওয়ার্ড বেড়ে ২০৯, প্রকাশ হল খসড়া, হাওড়াতেও বাড়ল ওয়ার্ড সংখ্যা, ১২ আগস্ট বিল পেশ
বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: কলকাতা শহরের ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করল পুর ও নগরোন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার রাতে প্রকাশিত ওই প্রস্তাবিত খসড়ায় কলকাতার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই খসড়া তালিকা সকলের অবগতির জন্য বিভিন্ন জায়গায় দেওয়া থাকবে। পুরভবনে তো থাকবেই, বিভিন্ন বরো অফিসেও দেওয়া হবে। এছাড়া ওয়েবসাইটে মিলবে। এই প্রস্তাবিত খসড়া তালিকার পরিপ্রেক্ষিতে কারও কোনো ধরনের পরামর্শ, আপত্তি কিংবা সংশোধনীর প্রস্তাব থাকে, তাহলে তা ১৩ আগস্টের মধ্যে পুর কমিশনারকে জানাতে হবে। পুরভবনে এই সংক্রান্ত চিঠি জমা করা যাবে। অন্যদিকে, দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে হাওড়া পুরসভারও ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়ার পাবলিক নোটিস এদিনই জারি করেছে জেলাশাসকের দপ্তর। সেখানে বলা হয়েছে, হাওড়ায় ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হচ্ছে ৬৮। তবে বালি পুরসভার ওয়ার্ড বিন্যাসে আপাতত কোনো পরিবর্তন হচ্ছে না। খসড়া প্রস্তাব নিয়ে আপত্তি বা মতামত থাকলে আগামী ১২ আগস্টের মধ্যে জেলাশাসকের দপ্তরে জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বলেন, ‘১২ তারিখ একদিনের জন্য বিধানসভার অধিবেশন হচ্ছে। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিলে হাওড়ার ৫০টি ওয়ার্ড বেড়ে ৬৮ হবে। একইসঙ্গে কলকাতা মিউনিসিপাল অ্যামেন্ডমেন্ট বিলে ১৪৪টি ওয়ার্ড বেড়ে ২০৯টি হবে।’ নতুন ডিলিমিটেশন তালিকা অনুযায়ী, হাওড়া পুরসভার ১৪টি বড় ওয়ার্ডকে ভেঙে মোট ৩৩টি করা হচ্ছে। পাশাপাশি নতুন ওয়ার্ডগুলির ভৌগোলিক সীমানাও ছোটো করা হয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, ‘তৃণমূলের মতো পার্টি অফিসে বসে নিজের ইচ্ছামতো ডিলিমিটেশন হবে না। গণতান্ত্রিক নিয়ম মেনে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া হবে। নভেম্বরে নির্বাচন পর্ব শেষ করে ডিসেম্বরে
নতুন পুরবোর্ড গঠনের লক্ষ্য রয়েছে।’ হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে জটিলতার ইতিহাস দীর্ঘ। ২০১৩ সালের পুরভোটে হাওড়ায় ছিল ৫০টি ওয়ার্ড। ২০১৫ সালে বালি পুরসভার ১৬টি ওয়ার্ড যুক্ত হওয়ায় সংখ্যা বেড়ে হয় ৬৬। পরে ২০২১ সালে বালিকে পৃথক করার সিদ্ধান্তে হাওড়ায় ফের ওয়ার্ড সংখ্যা ৫০-এ নেমে আসে। কিন্তু সংশ্লিষ্ট বিল দীর্ঘ চার বছর রাজভবনে আটকে ছিল। সেই জটিলতা এবার কাটছে।
কলকাতা শহরের ওয়ার্ড ডিলিমিটেশনের আগে পুর-আইনের সংশোধনী প্রয়োজন। বিষয়টি নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে। বৃহস্পতিবারও ওয়ার্ড ডিমিলিটেশন নিয়ে পুরসভায় বৈঠক হয়। আধিকারিকরা জানাচ্ছেন, পুর আইনের ৫ নম্বর ধারায় স্পষ্ট করে বলা রয়েছে ১৪৪টি ওয়ার্ড। সেখানে ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ২০৯টি করতে গেলে আগে আইন সংশোধন প্রয়োজন। তার তোড়জোড় শুরু হয়েছে। এদিন শহরের ওয়ার্ডভিত্তিক সীমানা পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। পরে আইন সংশোধন হয়ে গেলে ওয়ার্ডভিত্তিক ডিলিমেটশন চূড়ান্ত হবে।