আর জি কর: হাইকোর্টে ফের নানা প্রশ্নে বেসামাল সিবিআই
বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি কলকাতা: আর জি কর মামলায় হাইকোর্টে ফের একাধিক প্রশ্নের মুখে পড়ে বেসামাল অবস্থা সিবিআইয়ের। নতুন তদন্তকারী দলের কাজেও বিরক্ত উচ্চ আদালত। কোর্টের পর্যবেক্ষণ, তদন্ত সঠিক পথে এগোচ্ছে না—যা যা করা দরকার, সিবিআই তা করছে না। বৃহস্পতিবার সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ বেঞ্চের প্রশ্ন, ‘বিচারের জন্য সবাই আর কতদিন অপেক্ষা করবেন?’
এদিন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায় আদালতে বলেন, ‘শেষ দুবছরে সিবিআই কী তদন্ত করেছে, তার স্পষ্ট রূপরেখা নেই। মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। ভিডিয়ো রেকর্ডিং আমরা দিয়েছি। শেষরাতে ১৬ জন ছিল। একজন স্থানীয় ব্যাংক ম্যানেজারের টিআই প্যারেড করা হয়। তাঁর পক্ষে কি সম্ভব? সিবিআই আমাদের অতিরিক্ত হলফনামা অনুযায়ী পদক্ষেপ করলে তদন্তে আরও কিছু উঠে আসত।’
সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদীর পালটা দাবি, ‘জুনিয়র চিকিৎসক সৌমিত্র রায়ের সঙ্গে শেষবার ডিনার করেন নির্যাতিতা। তাঁর বয়ান এখনো নেওয়া হয়নি। আমরা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখছি।’
নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবীরা প্রশ্ন তোলেন, ‘কেন ওই চিকিৎসককে জেরা করা হল না? তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন?’ সিবিআইয়ের আইনজীবীর দাবি, ৭ জুলাই সিট তদন্তভার নিয়েছে। তাই আরেকটু সময় দেওয়া হোক। একথা শুনে বিরক্ত হন বিচারপতি শম্পা সরকার। তিনি বলেন, ‘আপনাদের রিপোর্টেই তথ্য-প্রমাণ নষ্টের এবং দেহ টেনে আনার উল্লেখ রয়েছে। এর আগে যে নির্দেশ আমরা দিয়েছিলাম, আপনারা তা নাকি বুঝতেই পারেননি! এই তো অবস্থা! ঘটনার দিন রাত থেকে শেষপর্যন্ত কী হয়েছে, পুনরায় জানান। আগের তদন্ত যা হয়েছে তা সরিয়ে নতুন করে তদন্ত করুন। মামলাটি এভাবে আর কতদিন আমরা বিচারাধীন রাখব? সকলেই বিচার চাইছেন। বিচারের জন্য সবাই আর কতদিন অপেক্ষা করবেন?’ যদিও সিবিআইয়ের তরফে এই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। পরবর্তী শুনানি ২৮ আগস্ট।