নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন জমছে একের পর এক মামলা! বিচারের অপেক্ষায় নিত্যদিন হয়রান হতে হয় বিচারপ্রার্থীদের। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট পেতে চলেছে আটজন নতুন বিচারপতি। ১২ মে সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন কলেজিয়াম কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসাবে নিয়োগের জন্য ন’জন আইনজীবীর নাম সুপারিশ করেছিল। অনুমোদনের জন্য সেই তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়। এই ন’জনের মধ্যে আটজনকে বিচারপতি হিসাবে নিয়োগে সবুজসংকেত দিয়েছে রাষ্ট্রপতি ভবন।
সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার নতুন বিচারপতি হিসাবে শপথ নেবেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথি রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা। কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা। নতুন আটজন শপথ নেওয়ার পর বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯। উল্লেখ্য, দু’দশকেরও বেশি সময় পর কলকাতা হাইকোর্টে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ হল। বিচারপতির শূন্যপদ পূরণের দাবি নিয়ে কর্মবিরতিতে গিয়েছিলেন আইনজীবীরা। নতুন আটজন বিচারপতি পাওয়া গেলে চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।