মোদি সরকারের হলফনামা নিয়ে আবেদনকারীদের বক্তব্য তলব
বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
নয়াদিল্লি: নিটের প্রশ্নফাঁসের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর সংস্কারের ইস্যুতে হলফনামা পেশ করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, বর্তমান ব্যবস্থায় নিট (ইউজি)-এর জন্য খাতায়-কলমে পরীক্ষা নেওয়া হয়। সেই ব্যবস্থা বদলে জেইই (মেনস ও অ্যাডভান্সড)-এর ধাঁচে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা গ্রহণের প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সরকারের পেশ করা এই হলফনামা নিয়ে আবেদনকারীদের বক্তব্য জানাতে বলল সুপ্রিম কোর্ট। ১৯ আগস্ট ফের শুনানি।
আরজেডি সাংসদ সুধাকর সিং তাঁর আবেদনে এনটিএ-র সংস্কার চেয়ে আরজি জানিয়েছেন। তাঁর পক্ষে বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়েছিলেন আইনজীবী পীযূষকান্তি রায় ও সত্যম সিং রাজপুত। আবেদনকারীদের তালিকাতেই রয়েছে চিকিৎসকদের সংগঠন ‘ফেডারেশন
অব অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন’ (এফএআইএমএ)। সংগঠনের তরফে আইনজীবী তানভি দুবে আদালতে বলেন, নিট (ইউজি) পরীক্ষা যদি খাতায়-কলমের পরিবর্তে কম্পিউটার ভিত্তিক করে তোলার পরিকল্পনা থাকে, তাহলে বদলের সেই কাজ যত দ্রুত সম্ভব করা উচিত। কারণ, পরীক্ষা আগের মতো
খাতায়-কলমে হবে ধরে নিয়েই ছাত্রছাত্রীরা বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন। সুপ্রিম কোর্ট জানায়, আদালত সব কিছুই বিবেচনা করবে। আবেদনকারীরা তাদের বক্তব্য ও পরামর্শগুলি পেশ করুক।