• প্রেসিডেন্সি জেলে বসে তোলাবাজি! মণীশ শুক্লা খুনে ধৃত ২ আসামির কাছ থেকে উদ্ধার মোবাইল
    প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৬
  • গভীর রাতে সেলের ভিতর তল্লাশি। প্রেসিডেন্সি জেলের দুই বন্দির কাছ থেকে উদ্ধার হল দু’টি মোবাইল। জানা গিয়েছে, ওই দুই বন্দি মণীশ শুক্লা খুনে ধৃত। কীভাবে মোবাইল পেল তারা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। 

    কারা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা জানতে পারেন যে, ওই এলাকার ব‌্যবসায়ীদের কাছে হুমকির ফোন যাচ্ছে। হুমকি দিয়ে তোলাও চাওয়া হচ্ছে। এই ব‌্যাপারে পুলিশ তদন্ত করে জানতে পারে যে, সিম পালটে ফোন করা হচ্ছে। ফোনগুলি আসছে প্রেসিডেন্সি জেলের ভিতর থেকে। বারাকপুর কমিশনারেটের পুলিশের কাছ থেকে এই খবর পেয়েই দুই বন্দিকে কারাদপ্তরের আধিকারিকরা শনাক্ত করেন। সুবোধ রায় ও অনিশ ঠাকুর ওরফে অনিল ওরফে বিবেক মণ্ডলের সেলে গিয়ে অভিযান চালান কারা দপ্তরের আধিকারিকরা।

    ওই দুই বন্দির মধ্যে সুবোধের বিরুদ্ধে টিটাগড় ও মোহনপুর থানায় দু’টি এবং অনিশের বিরুদ্ধে টিটাগড়, মোহনপুর, রহড়া থানায় পাঁচটি বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। সেলে তাদের জামাকাপড়, বিভিন্ন নিত‌্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে থেকেই দু’টি স্মার্টফোন উদ্ধার হয়। এই ব‌্যাপারে কারাদপ্তরের পক্ষ থেকে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়। কীভাবে তারা মোবাইল হাতে পেল, এর পিছনে কারাকর্মীদের হাত রয়েছে কি না, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)