• অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে? জানালেন মুখ্যমন্ত্রী, বললেন, ‘ভেরিফিকেশনে সময় লাগছে...’
    এই সময় | ০৬ আগস্ট ২০২৬
  • অন্নপূর্ণা যোজনার টাকা কি সব যোগ্য আবেদনকারীরা পাচ্ছেন না? এই নিয়ে জেলায় জেলায় কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে জনগণের মধ্যে এই বিষয় নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচার না চালানোর আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে যাঁরা মিথ্যা অপ্রপচার করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আগামী ১০ অগস্ট ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও জানান তিনি। যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের অ্যাকাউন্টে আগামী ১৭ অগস্ট টাকা ঢুকবে বলে জানান তিনি।

    জুন মাস থেকে ‘অন্নপূর্ণা যোজনা’য় আবেদন করা হয়। জুলাই মাস পর্যন্ত আবেদন গ্রহণ করা শুরু হয়। মুখ্যমন্ত্রী এ দিন জানান, যাঁরা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন, ১৭ অগস্টের মধ্যে তাঁদের ভেরিফিকেশন হবে। ১১ থেকে ৩১ জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে। ১৭ অগস্ট থেকে ভেরিফায়েড মহিলাদের টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘কারা টাকা পাওয়ার জন্য বিবেচিত হবেন, সম্পূর্ণ মানদণ্ড আগামী ১০ তারিখ (অগস্ট) বলে দেওয়া হবে। আর্থিক শৃঙ্খলা মেনেই টাকা দেওয়া হবে।’

    আগামী ১০ অগস্ট মুখ্যমন্ত্রী, নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি আভা রায়-সহ এই দপ্তরের সচিব একটি সাংবাদিক বৈঠক করবেন। সেখানেই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। মূলত, ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়ার জন্যেই এই কাজে দেরি হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর সংযোজন, ‘পরের বার থেকে (অগস্ট মাসের পরে) বিজেপি সরকার যতদিন থাকবে, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’

    তবে এর পাশাপাশি ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে সমাজ মাধ্যমে মিথ্যা তথ্য তুলে ধরা হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই সব ব্যক্তির উপরে নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা রিল বানাচ্ছেন, মিম করছেন, তাঁদের উপরে নজর রাখা হচ্ছে। যাঁরা মিথ্যা তথ্য দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে। যাঁরা মিথ্যা তথ্য দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার প্রয়োজন নেই।’ এ দিন দু’জনের নামও উল্লেখ করেন তিনি।

  • Link to this news (এই সময়)