• অনুপ্রবেশকারীদের দিন শেষ, ফাঁক দিয়ে মাছি গলতেও ভয় পাবে! কাঁটাতারের বেড়া কতটা এগোল?
    News18 বাংলা | ০৬ আগস্ট ২০২৬
  • দ্রুত গতিতে এগোচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করার কাজ, জানালেন বিধায়ক সুকান্ত বিশ্বাস। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণভাবে সিল করার কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক সুকান্ত বিশ্বাস। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতেই কেন্দ্র ও বর্তমান প্রশাসনের উদ্যোগে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

    স্থানীয় বিধায়ক সুকান্ত বিশ্বাস জানান, কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার সিংহভাগ সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতারের বেড়া নির্মাণ ও সুরক্ষার স্বার্থে জমি অধিগ্রহণের মূল কাজ ইতিমধ্যেই সফলভাবে শেষ হয়েছে। তিনি জানান, কিছু অংশে জমি সংক্রান্ত আইনি জটিলতা বা বিবাদ থাকলেও তা দ্রুত মেটানোর চেষ্টা চালানো হচ্ছে। যেসমস্ত অংশে জমি পাওয়া গিয়েছে, সেখানে দ্রুততার সঙ্গে কাঁটাতারের বেড়া বসানো এবং সুরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার কাজ চলছে। সুকান্ত বাবু আশা প্রকাশ করে জানান, খুব শীঘ্রই কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত সীমান্ত ১০০ শতাংশ সিল করা সম্ভব হবে।

    নদিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। জেলার বিস্তীর্ণ অংশ বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নিয়েছে। কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, করিমপুর, তেহট্ট-সহ একাধিক ব্লক সীমান্তবর্তী হওয়ায় এই জেলার কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। সীমান্তের নিরাপত্তা রক্ষায় ২৪ ঘণ্টাই নজরদারি চালায় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য বেআইনি কার্যকলাপ রুখতে নিয়মিত টহল, আধুনিক নজরদারি ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে কাঁটাতারের বেড়া নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ চলতে থাকে।

    একই সঙ্গে সীমান্ত এলাকার বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা, কৃষিকাজ ও সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধও বিশেষ গুরুত্ব বহন করে। দুই দেশের মধ্যে বৈধ বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রেও নদিয়া জেলার ভূমিকা উল্লেখযোগ্য। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)