• ঠিক যেন সিনেমা! সল্টলেকে চলন্ত ট্যাক্সিতেই জন্ম এক সন্তানের, হাসপাতালে প্রসব আরেকজনের
    প্রতিদিন | ০৬ আগস্ট ২০২৬
  • ভোররাতে আচমকা শুরু প্রসব বেদনা। তড়িঘড়ি বধূকে ট্যাক্সিতে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হয় পরিবার। মাঝপথে ঠিক সিনেমার মতো চারচাকাতেই সন্তান প্রসব করলেন মহিলা। এরপর বধূকে হাসপাতালে নিয়ে গেলে জন্ম হয় আরেক শিশুর। ঘটনাটি ঘটেছে সল্টলেকের বুকে। হাসপাতাল সূত্রে খবর, মা ও দুই শিশু, তিনজনই এখন বিপন্মুক্ত।

    জানা গিয়েছে, ওই মহিলা আদতে বিহারের দ্বারভাঙার বাসিন্দা। গত মাসে সল্টলেকে এক আত্মীয়ের বাড়িতে আসেন তিনি। দিন কয়েক আগে আচমকা প্রসব যন্ত্রণা ওঠে মহিলার। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে রওনা দেয় পরিবার। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল ছিল যে হাসপাতালে পৌঁছনো অবধি সময়ও মেলেনি। চলন্ত ট্যাক্সিতেই জন্ম হয় এক কন্যা সন্তানের। কিন্তু তখনও গর্ভে রয়েছে আরেক সন্তান। কোনওক্রমে বধূকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের একটি হাসপাতালে। সেখানে পুত্র সন্তান প্রসব করেন বধূ। এদিকে ট্যাক্সিকে প্রসব করা শিশুটির চিকিৎসা শুরু হয়। দুই শিশুকেই রাখা হয় এনআইসিইউতে।

    হাসপাতালের তরফে জানানো হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে সামান্য ভুলে মা ও সন্তান উভয়েরই বড় ক্ষতি হতে পারত। তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও চিকিৎসকদের দক্ষতার কারণে বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এক চিকিৎসক জানান, মা সম্পূর্ণ সুস্থ থাকায় নির্ধারিত সময়েই মাকে ছুটি দেওয়া হয়েছে। বাচ্চাদের এনআইসিইউতে রাখা হয়েছিল। তবে কোনও রকম শারীরিক সমস্যা না থাকায় তাদেরও ছুটি দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে মায়ের কোলে।
  • Link to this news (প্রতিদিন)