‘৫০ বছরে শুধুই পিছিয়েছে’, অমৃতকালের বাংলায় বিনিয়োগের বার্তা মুখ্যমন্ত্রীর
প্রতিদিন | ০৬ আগস্ট ২০২৬
৩৪ বছরের বাম শাসন। ১৫ বছরের তৃণমূলের কার্যকাল। প্রায় ৫০ বছরে বাংলা শুধুই পিছিয়ে গিয়েছে। মিলন মেলা প্রাঙ্গণে বস্ত্র শিল্প সম্মেলনে বাম ও তৃণমূল সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পরিবর্তনের বাংলায় ডবল ইঞ্জিনের সরকারে অমৃতকালের সুযোগ নিয়ে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের বার্তা দিলেন শুভেন্দু। তিনি বলেন, “৫০ বছরে শুধুই পিছিয়ে গিয়েছে বাংলা। এবার কোনও রকম গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। অমৃতকাল চলছে। বাংলার বিনিয়োগ করুন। এবার এগিয়ে যাবে বাংলা। আগামী ১-২ বছরে পরিস্থিতির বদল হবে।”
চা ও বস্ত্র শিল্পে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ নজর রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলে এই কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছেন শুভেন্দু। বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের বার্তা দিয়েছেন তিনি। শুধু বস্ত্রশিল্প নয়, অন্যান্য শিল্পপতিদেরও বঙ্গে আসার বার্তা দিয়েছেন। এ দিনের অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারের ৩ মাসে আমরা নির্বাচনের সময় দেওয়া সংকল্পপত্র অনুযায়ী কাজ করছি। বাংলায় শিল্পের পরিবেশ তৈরি করা হচ্ছে। গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। পরিবেশ তৈরি করা হবে। বাংলা এবার এগিয়ে যাবে।”
লাক্স কোজি, শ্যামস্টিলের বিনিয়োগ করেছে। আমুল বিনিয়োগের বিষয়টাও অনেকটা এগিয়েছে। তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “লাক্স কোজি কারখানা সম্প্রসারণ করেছে। আমূল আসছে। উত্তর ও দক্ষিণবঙ্গে মিষ্টি দই, আইসক্রিমের কারখানা করবে। শ্যাম স্টিল বিনিয়োগ করছে। জমির ছাড়পত্র দেওয়া হবে। জমিনীতির বদল করা হয়েছে।” এ দিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠক আছে। সেখানে আরও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।