ফেসবুক থেকে গায়েব মোদির ভিডিও! এক সপ্তাহে দ্বিতীয়বার মেটা কর্তাকে তলব কেন্দ্রের
প্রতিদিন | ০৫ আগস্ট ২০২৬
ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেলফি ভিডিও সরানো হয়েছে। ওই ঘটনায় এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার মেটার বৈশ্বিক জননীতি (Global Public Policy Head) বিষয়ক প্রধানকে সমন পাঠাল কেন্দ্রীয় সরকার। আগামিকাল অর্থাৎ বুধবার সকালে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের সঙ্গে দেখা করতে বলা হয়েছে মেটার বৈশ্বিক জননীতি বিষয়ক প্রধান জোয়েল কাপলানকে। সূত্রের খবর, একই বিষয়ে ইনস্টাগ্রামের কর্তাকেও তলব করেছে কেন্দ্র।
জেন-জি পড়ুয়াদের উদ্দেশ্য করে বানানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইরাল সেলফি ভিডিও ফেসবুক থেকে গায়েব হওয়ার পর তুমুল বিতর্ক হয়। মোদির ভিডিও সরানোর ঘটনায় ক্ষমা চায় মেটা। সোমবার তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকের পর কমিটি প্রধান নিশীকান্ত দুবের সাফ জানান, এমন ঘটনায় ‘মেটা’র ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, ঘটনার দায় নিতে হবে তাদের। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াও প্রয়োজন।
সূত্র জানিয়েছে, মেটার অ্যালগরিদম কীভাবে কাজ করে, তা কর্মকর্তারা সরকারের কাছে ব্যাখ্যা করুন— এমনটাই চাইছে সরকার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সরকার একাধিক অভিযোগ পেয়েছে যে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সরকারবিরোধী পোস্ট বেশি প্রচার পায়েছে। এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে মেটা কর্তার কাছে।
প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে গত একমাস ধরে যন্তর মন্তরে আন্দোলন করেছে সিজেপি। এর আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশে। এরমধ্যেই গত ২৩ জুলাই, বৃহস্পতিবার গভীর রাতে একটি ৩ মিনিটের একটি ভিডিও বার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী।
ভিডিওতে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, “প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ ঘটনা নয়। এটা লাখ লাখ ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টকর।” তিনি জানান, দোষীদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সাড়ে ২২ লাখ পরীক্ষার্থীর এক বছর যাতে নষ্ট না হয়, তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণ প্রজন্মের সঙ্গে ডিজিটাল মাধ্যমে যুক্ত হওয়ার প্রধানমন্ত্রীর এই প্রয়াস নিমেষেই রেকর্ড গড়ে ফেলে। ইনস্টাগ্রামে ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওটির ভিউ সংখ্যা ৩০৩ মিলিয়ন ছাড়িয়ে যায়, যা এক নতুন বিশ্বরেকর্ড!