আজই মুক্তি দিতে হবে উদয়নিধিকে! মাদ্রাজ হাই কোর্টে ধাক্কা বিজয় সরকারের
প্রতিদিন | ০৫ আগস্ট ২০২৬
মঙ্গলবারই মুক্তি দিতে হবে তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে (Udhayanidhi Stalin)। থলপতি বিজয়ের সরকারকে সাফ জানিয়ে দিল মাদ্রাজ হাই কোর্ট। আদালত সাফ জানিয়ে দিল, বিরোধী দলনেতার জিজ্ঞাসাবাদ শেষ হলেই তাঁকে মুক্তি দিতে হবে। আদালতের এই সিদ্ধান্তকে জনতার জয় হিসাবে বর্ণনা করেছে ডিএমকে।
গত সোমবার এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিজয়ের বান্ধবী তথা অভিনেত্রী তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে মঙ্গলবার সকালে তাঁর বাড়ি থেকে উদয়নিধিকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল উদয়নিধিকে গ্রেপ্তার করা হয়েছে। সে খবর চাউর হতেই রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু করেন ডিএমকে সমর্থকরা। রাজ্যজুড়ে রীতিমতো আইনশৃঙ্খলার অবনতি শুরু হয়। ডিএমকে মাদ্রাজ হাই কোর্টেও আবেদন করে।
চাপের মুখে থলপতি বিজয়ের সরকার আদালতে জানায়, উদয়নিধিকে গ্রেপ্তার করা হয়নি। তাঁকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ডিএমকের তরফে আইনজীবীরা আবেদন করেন স্ট্যালিনকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আদালত জানিয়ে দেয়, মঙ্গলবার জিজ্ঞাসাবাদের পরই স্ট্যালিনকে মুক্তি দেবে পুলিশ। তবে বিরোধী দলনেতাকেও তদন্তে সহযোগিতা করতে হবে।
এই বিতর্কের সূত্রপাত গত সোমবার। কাবেরী নদীর জলবণ্টন বিবাদকে কেন্দ্র করে এক প্রতিবাদ সভায় ভাষণ দিচ্ছিলেন উদয়নিধি। সেখানে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের তীব্র সমালোচনা করেন। বলেন, তামিলনাড়ু কাবেরী নদীর একফোঁটা জল পাচ্ছে না, অথচ মুখ্যমন্ত্রী এই বিষয়ে উদাসীন। এই বক্তব্যের সময় জনতার মধ্য থেকে কেউ ‘তৃষা, তৃষা’ বলে চিৎকার করে ওঠেন। সেই সময় ভাষণ থামিয়ে মুখে বাঁকা হাসি নিয়ে কুরুচিকর দ্বি-অর্থ বিশিষ্ট মন্তব্য করেন করেন উদয়নিধি। যা সরাসরি অভিনেত্রী তৃষাকে জড়িয়ে করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগেই পুলিশ তুলে নিয়ে যায় উদয়নিধিকে। যদিও ডিএমকের দাবি, বাজেট অধিবেশনে উদয়নিধিকে বিধানসভায় উপস্থিত হওয়া থেকে রুখতেই তাঁকে আটক করে পুলিশ।