বিপদের দিকে ছুটছিল ট্রেন, 'অনস্পষ্ট' সিদ্ধান্তে বাঁচল অগুন্তি প্রাণ! কীভাবে বিপর্যয় থেকে রক্ষা?
News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
রেলযাত্রায় যাত্রী ও পণ্য সুরক্ষাকে আরও সুনিশ্চিত করতে রেলকর্মীদের সতর্কতার কোনও বিকল্প নেই। আর সেই কর্তব্যে অবিচল থেকে ট্রেনকে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার পুরস্কার পেলেন এক রেল আধিকারিক। মঙ্গলবার ডিভিশনের ডিআরএম (DRM) ললিত মোহন পাণ্ডে বালেশ্বরের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (ক্যারেজ ও ওয়াগন) বি. তেজেশ্বর রাওকে তাঁর অসামান্য কাজের জন্য বিশেষ সম্মান জানান।
খড়গপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর হাতে নগদ পুরস্কার এবং প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। রেল সূত্রে জানা গিয়েছে, নিজের কর্তব্যে চূড়ান্ত সতর্কতা এবং প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দিয়েছেন ওই আধিকারিক। সম্প্রতি খান্তাপাড়া স্টেশনে দায়িত্ব পালনের সময় একটি মালগাড়ির ওয়াগনের কাপলার বডি ভাঙা অবস্থায় রয়েছে বলে তাঁর নজরে আসে। বিষয়টি বুঝতে পেরেই মুহূর্তের মধ্যে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করেন। তড়িঘড়ি ওই ত্রুটিপূর্ণ ওয়াগনটিকে মূল ট্রেন থেকে আলাদা করে দেন তিনি। তাঁর এই তাৎক্ষণিক উদ্যোগের ফলেই একটি ভয়াবহ দুর্ঘটনা এড়ান সম্ভব হয়েছে, যা রেলের নিরাপদ চলাচলের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
বি. তেজেশ্বর রাওয়ের এই সময়োচিত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন খড়গপুর ডিভিশনের ডিআরএম। তিনি জানান, ওই আধিকারিকের পেশাদারিত্ব এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের সতর্কতামূলক কাজ খড়গপুর ডিভিশনের শক্তিশালী সুরক্ষা পরিকাঠামোরই প্রতিফলন। ডিআরএম আরও বলেন যে, তেজেশ্বর রাওয়ের এই তৎপরতা অন্যান্য সমস্ত রেলকর্মীর কাছে এক বড় অনুপ্রেরণার মত কাজ করবে, যা রেলের সুরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কাজের জায়গায় এমন সতর্কতা বজায় রাখা রেলের ভবিষ্যতের জন্য একটি ভাল দিক বলে মনে করছেন তিনি।
রেলওয়ে বরাবরই সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসেছে। খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে জানান হয়েছে, যে সমস্ত কর্মী নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন ব্যতিক্রমী সতর্কতা এবং প্রযুক্তিগত উৎকর্ষের প্রমাণ দেবেন, তাঁদের সর্বদাই স্বীকৃতি দেওয়া হবে। এই ধরনের সম্মাননা শুধুমাত্র ব্যক্তিগত কাজের স্বীকৃতি নয়, বরং এটি সমস্ত স্তরের রেল পরিচালনায় সুরক্ষার সর্বোচ্চ মান বজায় রাখার প্রতি ডিভিশনের দৃঢ় অঙ্গীকারকেই প্রমাণ করে। মঙ্গলবারের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে ডিভিশনের অন্যান্য পদস্থ আধিকারিক এবং কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই তেজেশ্বর রাওকে তাঁর এই কৃতিত্বের জন্য সাধুবাদ ও অভিনন্দন জানান।