• চায়ের কাপে নতুন পেশার সন্ধান দিতে রাজ্যে চালু কোর্স!
    আজকাল | ০৫ আগস্ট ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: আপনার মুড স‍্যুইং করছে? বাহ! আপনি নিভৃতে বসে একটি টি-বুটিকে স্ন্যাকস আর চা নিয়ে সময় কাটাতে চাইছেন। কিন্তু ঠিক কোন অ্যারোমা বা হার্বস মেশানো চা আপনার মুডের সঙ্গে মানানসই, তা বুঝতে পারছেন না! আর সেই চা বেছে দেওয়ার দায়িত্ব যদি নেন একজন দক্ষ টি সোমেলিয়ের? অবাক হচ্ছেন তো?

    চায়ের কাপে নতুন পেশা: টি সোমেলিয়ের

    এতদিন ‘সোমেলিয়ের’ শব্দটি মূলত ওয়াইনের জগতেই পরিচিত ছিল। এখন সেই ধারণা ছড়িয়ে পড়েছে চায়ের দুনিয়াতেও। টি সোমেলিয়ের হলেন এমন একজন প্রশিক্ষিত বিশেষজ্ঞ, যিনি চায়ের স্বাদ, সুবাস, লিকার, গুণমান ও ব্লেন্ড সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। কোন সময়ে, কোন মুডে এবং কোন খাবারের সঙ্গে কোন চা সবচেয়ে উপযুক্ত, সেই পরামর্শও দিয়ে থাকেন তিনি।

    বিশ্বজুড়ে প্রিমিয়াম টি-লাউঞ্জ ও টি-বুটিকের প্রসারের সঙ্গে টি সোমেলিয়েরদের চাহিদাও বাড়ছে। সেই প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে ভারতেও শুরু হয়েছে পেশাদার টি সোমেলিয়ের তৈরির উদ্যোগ।

    টি বোর্ড ইন্ডিয়া কার্শিয়াংয়ের দার্জিলিং টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এনসিভিইটি (NCVET) অনুমোদিত ‘Tea Tasting and Quality Assessment’ পাঠ্যক্রম চালু করেছে। প্রথম পর্যায়ে শুরু হয়েছে ‘Essentials of Tea Sommelier’ নামে ৬০ ঘণ্টার সার্টিফিকেট কোর্স। এতে চায়ের ইতিহাস, উৎপাদন, টি-টেস্টিং, গুণমান মূল্যায়ন, গ্রেডিং, ব্লেন্ডিং ও পরিবেশন পদ্ধতির পাশাপাশি থাকবে ব্যবহারিক প্রশিক্ষণ এবং চা বাগান ও কারখানা পরিদর্শন।

    টি বোর্ড ইন্ডিয়ার উপ-চেয়ারম্যান সি. মুরুগানের মতে, এই উদ্যোগ দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি ভারতীয় চায়ের গুণমান, ব্র্যান্ড ভ্যালু এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অবস্থান আরও শক্তিশালী করবে।

    বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে এখন শুধু ভালো চা উৎপাদন নয়, তার বৈজ্ঞানিক মূল্যায়ন, সঠিক ব্র্যান্ডিং এবং দক্ষ উপস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। আর সেই ক্ষেত্রেই আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন টি সোমেলিয়েররা।
  • Link to this news (আজকাল)