পুজো আসছে। তার আগেই মিলল সুখবর। মঙ্গলবার মহার্ঘ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকারের অর্থ দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের (২০২৬) ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। একই হারে ডিআর পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা আগেই করেছিলেন। এ দিন সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি হলো।
অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সুবিধা রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মী, বিভিন্ন সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম এবং স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীরাও পাবেন। ১ অক্টোবর থেকে তাঁদের অ্যাকাউন্টেও সংশোধিত মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ ঢুকবে। সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলি প্রয়োজনীয় অনুমোদন দিয়ে এই সুবিধা কার্যকর করতে পারবে।
সংশোধিত মূল বেতন এবং নন-প্র্যাকটিসিং অ্যালাউন্সের (এনপিএ) ভিত্তিতে ডিএ গণনা করা হবে। অন্য কোনও ধরনের ভাতা এই হিসাবের আওতায় আসবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য বাজেটে আরও ২০ শতাংশ ডিএ-র ঘোষণা করা হয়েছিল। ফলে ১ অক্টোবর থেকে মোট ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা।
অবসরপ্রাপ্তদের জন্যও একই ঘোষণা করেছে রাজ্য সরকার। ১ অক্টোবর থেকে রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা সংশোধিত পেনশনের ৩৮ শতাংশ হারে ডিআর পাবেন। একই সুবিধা পাবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা-পুরনিগমের অবসরপ্রাপ্ত কর্মী এবং তাঁদের পারিবারিক পেনশনভোগীরাও।
এ ছাড়া, যাঁরা এখনও পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন, তাঁদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। এই বৃদ্ধিও ১ অক্টোবর থেকেই কার্যকর হবে। একইভাবে, রোপা ২০০৯ অনুযায়ী যাঁরা এখনও সংশোধিত হারে পেনশন পান না, তাঁরা এবং পারিবারিক পেনশনভোগীরাও সংশোধিত পেনশন কার্যকর না হওয়া পর্যন্ত ২২৩ শতাংশ হারে ডিআর পাবেন।
ডিএ ও ডিআরের হিসেব নিকটতম পূর্ণ টাকায় রাউন্ড অফ করা হবে। সরকারি সংস্থা ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলিকে এই অতিরিক্ত খরচ নিজেদের তহবিল থেকেই মেটাতে হবে। এর জন্য রাজ্য সরকার আলাদা ভাবে কোনও সাহায্য করবে না। পাশাপাশি ন্যূনতম মজুরি আইনের আওতায় না থাকা দৈনিক মজুরির কর্মীদের পারিশ্রমিক ১ অক্টোবর থেকে আরও ১১০ টাকা বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ৩৮ শতাংশ করা হয়েছে।
১ অক্টোবর, ২০২৬ থেকে নতুন হার কার্যকর হবে।
রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মী, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম এবং স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীরা।
হ্যাঁ। রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে ডিআর পাবেন। একই সুবিধা পাবেন সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁদের পারিবারিক পেনশনভোগীরাও।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে নতুন হার কার্যকর হবে। অর্থাৎ অক্টোবর মাসের বেতন বা পেনশনের সঙ্গে নতুন হারে ডিএ/ডিআর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
তাঁদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে।
সংশোধিত মূল বেতন এবং প্রযোজ্য ক্ষেত্রে নন-প্র্যাকটিসিং অ্যালাউন্স (এনপিএ)-র ভিত্তিতে ডিএ গণনা হবে। অন্য কোনও ভাতা এই হিসাবের আওতায় থাকবে না।