বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম
একদিনের ছুটি। মন জঙ্গলমহল জঙ্গলমহল করছে? একদিনে গিয়ে ফেরা মুশকিল ভাবছেন? বুধবার থেকে সে ভাবনা উধাও হয়ে যাবে। এক বাসেই কলকাতা থেকে পৌঁছে যেতে পারবেন বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি। বুধবার থেকে চালু হচ্ছে কলকাতা-বাঁশপাহাড়ি বাস পরিষেবা। সরকারি এই বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত। প্রতিদিন সকালে কলকাতার ধর্মতলা থেকে বাস ছাড়বে। পৌঁছবে বাঁশপাহাড়ি। সেখানে কয়েক ঘণ্টা দাঁড়াবে বাস। বিকেলে ফের যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেবে। জামবনি ব্লকের গিধনি বাজার থেকে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু।
বেলপাহাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রায় সারা বছরই পর্যটকের ভিড় থাকে। বর্ষা থেকে পর্যটকদের ভিড় শুরু। বসন্ত পর্যন্ত পর্যটনের মরশুম। চৈত্র-বৈশাখের গরম পেরিয়ে আবারও শুরু হয় পর্যটকদের আনাগোনা। ট্রেনে কিংবা পার্সোনাল কারে যাতায়াত করেন তাঁরা। কলকাতা থেকে বেলপাহাড়ি যাওয়ার বাস রয়েছে। সে সব বাসে বেশ ভিড়ও হয়। পর্যটকরা যাতে সহজে ও স্বচ্ছন্দ্যে বেলপাহাড়ি পৌঁছতে পারেন, সেই কথা মাথায় রেখে কলকাতা থেকে বাঁশপাহাড়ি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু হচ্ছে এ বার। ঝাড়গ্রামে পর্যটনের করিডর নামে পরিচিত চিল্কিগড়, বেলপাহাড়ির উপর দিয়েই বাসটি যাতায়াত করবে।
কলকাতা থেকে বাঁশপাহাড়ি পৌঁছতে পাঁচ থেকে সাড়ে ৫ ঘণ্টা সময় লাগে। সকাল সাড়ে ৬টা নাগাদ ধর্মতলা থেকে ছেড়ে ঝাড়গ্রাম, চিল্কিগড়, গিধনি বাজার হয়ে বেলপাহাড়ি ঢোকার কথা বাসের। সেখান থেকে বাঁশপাহাড়ি। বিকেল ৪টেয় সেই বাসই বাঁশপাহাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবে। পর্যটন ব্যবসায়ীদের দাবি, বাসটি চলাচল শুরু করলে পর্যটকদের সংখ্যা ঝাড়গ্রামে বাড়বে। সহজেই পর্যটকরা কলকাতা থেকে বেলপাহাড়ি পৌঁছতে পারবেন।
বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথের কথায়, ‘কলকাতা থেকে বেলপাহাড়ি হয়ে বাঁশপাহাড়ি পর্যন্ত সরাসরি বাস চালু হলে পর্যটকদের জন্য তা দারুণ সুবিধার হবে। আমাদের পর্যটন ব্যবসায় যথেষ্ট গতি আসবে। ঝাড়গ্রামে ট্রেন থেকে নেমে বাসে অথবা গাড়ি ভাড়া করে বেলপাহাড়ি পৌঁছতে হয় পর্যটকদের। সেই সমস্যা থাকবে না। সকালে এসে বিকেলেই ফিরে যেতে পারবেন।’
বেলপাহাড়ি থেকে কলকাতায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ৬টি বাস চলাচল করে। তবে কলকাতা থেকে সকালে বাঁশপাহাড়ি পৌঁছনোর বাস তেমন একটা নেই। বিনপুরের বিধায়ক প্রণত টুডু বলেন, ‘যত বেশি সংখ্যক পর্যটক এখানে আসবেন, অর্থনীতি ততই চাঙ্গা হবে। বাসটি চালু হলে কলকাতা থেকে যেমন সরাসরি পর্যটকরা বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি পৌঁছতে পারবেন। ঠিক তেমন এই এলাকার মানুষও বাস পরিষেবা পাবেন। তাঁদের যোগাযোগ আরও উন্নত হবে।’
কখন ছাড়বে এই বাস?
বাসটি প্রতিদিন সকাল ৬:৩০টায়। কলকাতার ধর্মতলা থেকে ছেড়ে ঝাড়গ্রাম, চিল্কিগড়, গিধনি বাজার ও বেলপাহাড়ি হয়ে বাঁশপাহাড়ি পৌঁছাবে (সময় লাগবে প্রায় ৫-৫.৫ ঘণ্টা)।
এই বাসে করে কী ভাবে একদিনে জঙ্গলমহল ঘুরে আসা সম্ভব?
সকালে ধর্মতলা থেকে বাস ধরুন। পাঁচ, সাড়ে পাঁচ ঘণ্টায় পৌঁছে যাবেন বাঁশপাহাড়ি। আবার বিকেলে ছাড়বে ফেরার বাস।
বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন কে করছেন?
জামবনি ব্লকের গিধনি বাজার থেকে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু।