• দমদমে তোলা না দেওয়ায় প্রোমোটারকে বেধড়ক মার, বিধায়ক বললেন, ‘এ সব ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে হাঁটবে’
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • তোলার টাকা না দেওয়ায় প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ দমদমে। পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় মারধর করা হয় দমদমের পিকে গুহ রোড এলাকার প্রোমোটার অমরনাথ সিংহকে। অভিযোগ, বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাশাপাশি গলা থেকে সোনার চেন ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনা ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বিধায়ক অরিজিৎ বক্সী জানান, আইন আইনের মতো চলবে। অন্যায় করলে, তার বিচারে রাজনীতির রং দেখা হবে না।

    অমরনাথের দাবি, ১৫ দিন আগে তাঁর কাছে একটা ফোন আসে। ফোনের ও পার থেকে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। অমরনাথ বলেন, ‘এর পরেই সোমবার ১৫-২০ জন আমার অফিসে আসে। রীতিমতো তাণ্ডব চালায়। জিনিসপত্র ভেঙেচুরে, আমাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আমি ৭ নম্বর ওয়ার্ডে একটা নির্মাণের কাজ করছি। সরকারের কড়া নির্দেশ রয়েছে কোনও সিন্ডিকেট চলবে না। তার পরেও আমাকে এ ভাবে মারধর করা হলো।’

    অমরনাথের অভিযোগ, এলাকার একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে তার মেমোরি কার্ড খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তে যাতে কোনও তথ্য না মেলে, সেই কারণেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত অমরনাথ দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

    এ বিষয়ে দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী বলেন, ‘সরকার, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনও রকম তোলাবাজি চলবে না। এ ক্ষেত্রে জ়িরো টলারেন্স নীতি আমাদের। গতকাল অনেক রাতে এই ঘটনা ঘটে। আমি বেশ রাত করে খবর পাই যে কুমোরপাড়া বাজারের কাছে এই ঘটনা ঘটেছে। একজন রিয়েল এস্টেট ডেভেলপারকে কিছু দুষ্কৃতী এসে মারধর করেছে। যা ঘটেছে নিন্দনীয়, আইনত দণ্ডনীয়। আমি তাঁকে পরিষ্কার বলেছি, দমদম থানায় গিয়ে জানান। আইন ভাঙলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক।’

  • Link to this news (এই সময়)