• হাওড়ায় হামিম-আদিত্যদের মতো অনেকেই চিহ্নিত, নজরদারি চলছে, দাবি ‘জঙ্গি-নিশানায় থাকা’ মন্ত্রীর
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের সহযোগী আদিত্য সিংকে রবিবার রাতে হাওড়া থেকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। তবে আদিত্যই নন, উত্তর হাওড়ায় এ রকম আরও অনেককেই চিহ্নিত করা হয়েছে, যাঁদের সঙ্গে বিদেশিদের যোগাযোগ রয়েছে। অন্তত এমনটাই মত গোয়েন্দাদের একাংশের। নজরদারি চলছে তাদের উপরে। পুলিশকেও নানা তথ্য দেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। ঘটনাচক্রে, মন্ত্রী নিজেও হামিমদের নিশানায় ছিলেন বলেই খবর গোয়েন্দা সূত্রে।

    গত বৃহস্পতিবার রাতে বর্ধমান থেকে হামিম গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের জালে ধরা পড়ে তার বান্ধবী অর্পিতা সরকার। গোয়েন্দাদের দাবি, দু’জনেই পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির দলের সদস্য। তারা হানিট্র্যাপের মাধ্যমে উমেশ এবং তাঁর ছেলেকে অপহরণের ছক কষেছিল। তা নিয়ে মুখ খুলে মন্ত্রী বলেন, ‘অনেক কড়া পদক্ষেপ করেছিলাম। সেটা নিয়ে অনেকেরই সমস্যা হয়। সেই কারণেই হয়তো টার্গেট করা হয়েছে। তবে এতে আমি ভয় পাইনি। আমার কাছে পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছিল। পাকিস্তান থেকে ফোন করা হয়েছিল। তবে প্রথমে গুরুত্ব দিইনি। কিন্তু মুখ্যমন্ত্রীর নাম সামনে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।’

    হামিম ধরা পড়ার পরেই হাওড়ার বেলিলিয়াস রোডের বাড়ি থেকে আদিত্যকে গ্রেপ্তার করে এসটিএফ। তদন্তকারীদের একটি সূত্রে দাবি, বর্ধমানে থাকার আগে হাওড়ার পিলখানায় থাকত হামিম, যা আদিত্যের বাড়ির কাছাকাছি। তদন্তকারীদের অনুমান, উমেশ এবং তাঁর ছেলে সম্পর্কে নানা তথ্য হামিমকে পাচার করেছিল আদিত্যই। তাঁদের বিভিন্ন ছবিও পাঠায় সে। ওই তথ্যের উপরে ভিত্তি করেই অপহরণের ছক হয়েছিল। হামিম এবং অর্পিতাকে জেরা করেই আদিত্যের খোঁজ পাওয়া যায়।

    মন্ত্রীর দাবি, আদিত্যের মতো আরও অনেকেই ঘাঁটি গেড়ে রয়েছেন। বিদেশিযোগে যাঁদের চিহ্নিত করা হয়েছে, তাঁদের পাকড়াও করতে পারলে প্রচুর বেআইনি অস্ত্রও পাওয়া যাবে বলে দাবি করেছেন উমেশ। আদিত্যের গ্রেপ্তারি নিয়ে তিনি বলেন, ‘আদিত্য সিং কলেজছাত্র। অথচ ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা রয়েছে। এরা টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীর সুরক্ষা, দেশের সুরক্ষা বিক্রি করে দিচ্ছে। এটাই সবচেয়ে দুশ্চিন্তার। তাই সকলকে সতর্ক থাকতে হবে।’

  • Link to this news (এই সময়)