• প্রবল গরমে ডিহাইড্রেশন, অর্গ্যান ফেলিওর, জাপানের চিড়িয়াখানায় মৃত্যু ৩ সিংহীর
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • প্রবল গরমে জাপানের চিড়িয়াখানায় মৃত্যু হলো তিনটি সিংহীর। জানা গিয়েছে, সিংহী তিনটির বয়স ৩ থেকে ১৫ বছরের মধ্যে। জাপানের টামা ন্যাশনাল পার্কের বাসিন্দা এই তিন সিংহীর দেহেই গরমের জন্য নানা সমস্যা দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে। গরমে ডিহাইড্রেশন-সহ একাধিক অর্গ্যান ফেলিওর হয়েছে ওই সিংহীদের, এমনটাই জানা গিয়েছে।

    এর আগে জাপানে এমন ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন চিড়িয়াখানার এক প্রতিনিধি। BBC-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ওই প্রতিনিধি জানিয়েছেন, এই প্রথম তাঁরা এমন কোনও ঘটনার সম্মুখীন হয়েছেন। গত বছরেও প্রবল গরম পড়লেও কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন তিনি।

    জানা গিয়েছে, মুগি নামে বছর তিনেকের একটি সিংহী গত ১৯ জুলাই থেকে অসুস্থ ছিল। একাধিক ওষুধ দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে, কোনও কিছুতেই লাভ হয়নি। অবশেষে ২৮ জুলাই মৃত্যু হয় তার। এর পাশাপাশি, ৩১ জুলাই ইচিগো নামে একটি সিংহী এবং রবিবার লুয়েনা নামে বছর ১৫-র এক সিংহীর মৃত্যু হয়েছে।

    সিংহীগুলির দেহের ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, প্রবল গরমের কারণে সিংহীদের দেহে ডিহাইড্রেশন এবং একাধিক অর্গ্যান ফেলিওর হয়েছে। তার জেরেই মৃত্যু হয়েছে ওই সিংহীদের। সোমবার একটি বিবৃতি জারি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এখনও দু’টি সিংহ এবং একটি সিংহী গুরুতর অসুস্থ। তাদের জন্য ওষুধ এবং ভিটামিন সাপ্লিমেন্টের ব্যবস্থা করা হয়েছে।

    প্রসঙ্গত, চলতি বছরে যেন মাত্রা ছাড়া গরম পড়েছে জাপানে। কোনও কোনও শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা ছাড়িয়েছে। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছে চিড়িয়াখানার বহু প্রাণী। ছাড়া পায়নি মানুষও। এ বছরে গরমের জন্য অসুস্থতায় অন্তত ৪৩,০০০ মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জাপানের টামা ন্যাশনাল পার্কে অন্তত ২৬০ প্রজাতির প্রাণী রয়েছে। ১৯৬৪ সাল থেকে এখানে সিংহ পালন করা হচ্ছে। তবে, এর আগে কখনও এমন পরিস্থিতি হয়নি। প্রাণীগুলির নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। হেদিয়াকি কারাকি নামে এক প্রফেসর জানিয়েছেন, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে গরমে বেশি কষ্ট হয় সিংহদের। এদের দেহে ঘাম হয় না। বড় বড় নিঃশ্বাস নিয়ে দেহ থেকে লীনতাপ পরিত্যাগ করে তারা। সেই কারণে বাইরের তাপমাত্রা কম হলেও সিংহের দেহের তাপমাত্রা হঠাৎ করেই কমে যায় না। সেই কারণেই অসুস্থ হয়ে পড়ে তারা।

    এক নজরে

    FAQ

    জাপানের কোন চিড়িয়াখানায় সিংহীগুলির মৃত্যু হয়েছে?

    জাপানের টামা ন্যাশনাল পার্কে (Tama National Park) এই সিংহীগুলির মৃত্যু হয়েছে।

    সিংহীগুলির মৃত্যুর প্রধান কারণ হিসেবে কী জানা গিয়েছে?

    ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রবল গরমের কারণে শরীরে তীব্র জলশূন্যতা (ডিহাইড্রেশন) এবং একাধিক অর্গ্যান ফেলিওরই তাদের মৃত্যুর প্রধান কারণ।

    মৃত সিংহী তিনটির নাম ও বয়স কত ছিল?

    মৃত সিংহী তিনটির বয়স ৩ থেকে ১৫ বছরের মধ্যে ছিল। এদের মধ্যে মুগির বয়স ছিল ৩ বছর, লুয়েনার বয়স ছিল ১৫ বছর এবং অপর সিংহীটির নাম ছিল ইচিগো।

    অতিরিক্ত গরমে সিংহরা কেন এত দ্রুত অসুস্থ হয়ে পড়ে?

    বিশেষজ্ঞদের মতে, সিংহদের শরীরে ঘাম হয় না, তারা হাঁপিয়ে বা বড় বড় নিঃশ্বাস নিয়ে শরীরের তাপ বের করার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত গরমের পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে তাদের শরীরের ভেতরের তাপমাত্রা সহজে কমতে পারে না। ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

    বর্তমানে চিড়িয়াখানার অন্য সিংহগুলির অবস্থা কেমন?

    বর্তমানে ওই চিড়িয়াখানার আরও দু’টি সিংহ এবং একটি সিংহী গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে তাদের ওষুধ এবং ভিটামিন সাপ্লিমেন্টের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

  • Link to this news (এই সময়)