• দিঘায় সমুদ্র স্নানে শাড়ি বা সালোয়ার পরতে নিষেধাজ্ঞা? যা জানাল জেলা প্রশাসন
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • দিঘায় সমুদ্র স্নানে নেমে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। জেলা প্রশাসনের মাইকিংয়ের পরেও পর্যটকরা বিধিনিষেধ মানছেন না অনেক ক্ষেত্রে। এর মাঝেই নতুন একটি নিষেধাজ্ঞার বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। দিঘায় মহিলারা শাড়ি বা সালোয়ার জাতীয় পোশাক পরে নামতে সমুদ্র সৈকতে নামতে পারবেন না? জেলা প্রশাসন জানাচ্ছে, এমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। পুরো বিষয়টি ভাবনাচিন্তার স্তরে রয়েছে।

    সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা সফরে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সপ্তাহান্তে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্রে নামেন। অনেকেই শাড়ি বা সালোয়ার কামিজ পরে স্নান করেন। যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে সুইমসুট বা সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।’

    তবে জেলা প্রশাসন সূত্রে খবর, বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা চলছে। জেলাশাসক তথা দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নিরঞ্জন কুমার বলেন, ‘এমন কোনও নির্দেশিকা আমাদের কাছে নেই।’

    বিষয়টি নিয়ে কাঁথি মহকুমাশাসক ধুমাল প্রতীক অশোক জানিয়েছেন, শাড়ি বা শালোয়ার পরে সমুদ্রে নামা যাবে না এমন কোনও নির্দেশিকা প্রদান হয়নি। দিঘার সমুদ্র স্নানে নেমে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। দুর্ঘটনার সময়ে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের উদ্ধারের সুবিধার জন্য সমুদ্রে স্নানের উপযুক্ত পোশাক পরলে সুবিধা হয়। তাঁর কথায়, ‘সমুদ্রে দুর্ঘটনা কমানোর জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছি এবং নজদারি বাড়াচ্ছি। যাতে পর্যটকদের দ্রুত উদ্ধার করে পরিষেবা প্রদান করা যায়।’

    উল্লেখ্য, সাম্প্রতিক কালে দিঘায় সমুদ্রস্নানে নেমে স্পিড বোটের ধাক্কায় প্রাণ হারান এক পর্যটক। ওল্ড দিঘার ঘোলা ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবক বাপন সেক আলি (২৮) ছিলেন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। এর একমাস আগেই চিরঞ্জীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দা সমুদ্র স্নানে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়।

    প্রশ্ন: দিঘায় কি শাড়ি বা সালোয়ার পরে সমুদ্রস্নান সত্যিই নিষিদ্ধ করা হয়েছে?

    উত্তর: না, জেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে এমন কোনও নির্দেশিকা জারি হয়নি। বিষয়টি এখনও ভাবনাচিন্তার পর্যায়ে।

    প্রশ্ন: স্বাস্থ্যমন্ত্রী কী পরামর্শ দিয়েছেন?

    উত্তর: নিরাপত্তার স্বার্থে সুইমসুট বা সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

    প্রশ্ন: প্রশাসন কেন এই বিষয়ে ভাবনাচিন্তা করছে?

    উত্তর: দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধারকাজ চালানোর সুবিধার জন্য উপযুক্ত পোশাক পরার গুরুত্ব বিবেচনা করা হচ্ছে।

    প্রশ্ন: দিঘায় সম্প্রতি কী কী দুর্ঘটনা ঘটেছে?

    উত্তর: স্পিড বোটের ধাক্কায় এক পর্যটকের মৃত্যু এবং একমাস আগে আরেক পর্যটকের জলে তলিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

    রিপোর্টিং: রঞ্জন মাইতি

  • Link to this news (এই সময়)