• আগাম জামিন মিললেও রেহাই নেই! বিপদ পিছু ছাড়ছে না অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের
    প্রতিদিন | ০৪ আগস্ট ২০২৬
  • ডেবরার ঘটনায় আগাম জামিন পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তবে শালবনি জমি প্রতারণা মামলায় খারিজ হয়ে গেল আগাম জামিনের আর্জি। পাশাপাশি ১০ দিনের মধ্যে তাঁকে তদন্তকারীদের সহযোগিতার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

    মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, এই মুহূর্তে জেলবন্দি সুজয় হাজরাকে গ্রেপ্তারের পরই উঠে আসে সুমিতের নাম। অভিযোগ, ছাব্বিশের ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। এ ছাড়া শালবনিতে একটি জমি দুর্নীতি মামলাতেও অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুমিতের। এ সব অভিযোগ পেয়ে মাসখানেক আগে সুমিতের খোঁজে শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয়। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও সুমিতকে পাওয়া যায়নি। সেই থেকে বেপাত্তা সুমিত। পরবর্তীকালে পুলিশের আবেদনে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও লুক আউট নোটিস জারি করা হয়। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী।

    সোমবার সেই মামলায় ডেবরার ঘটনায় আগাম জামিন মিলেছে সুমিত রায়ের। তবে শালবনি জমি দুর্নীতি মামলায় এখনও স্বস্তি পাননি তিনি। উল্লেখ্য, শালবনির সরকারি জমির ভুয়ো নথি তৈরি করে বিক্রির অভিযোগ উঠেছিল সুমিতের বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বয়ান এবং তথ্যের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেয় যে তাঁকে জামিন দেওয়া ঠিক হবে না। ডেবরায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। 
  • Link to this news (প্রতিদিন)