• জল্পেশ মন্দিরে অবিরত গোলাপ-গাঁদার বৃষ্টি, মুখ্যমন্ত্রীর উপহারে খুশিতে গদগদ ভোলেনাথের ভক্তরা
    News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
  • কথা রেখেছেন মুখ্যমন্ত্রী! আকাশ থেকে গোলাপ – গাঁদার বৃষ্টি, জল্পেশে ভক্তদের জন্য ফের স্বর্গীয় চমক! শ্রাবণী মেলার তৃতীয় সপ্তাহের সোমবার আবারও হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হল জল্পেশ মন্দিরে আগত ভক্তদের উদ্দেশ্যে। সোমবার দুপুরে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে অস্থায়ী হেলিপ্যাড হেলিকপ্টার নেমে ফুল নিয়ে জলপেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার দৃশ্য দেখে খুশির হাওয়া দেখা যায় জলপাইগুড়িবাসীর মধ্যে।

    আকাশ থেকে গোলাপ-গাঁদার পাপড়ি দিয়ে পুষ্পবৃষ্টি করা হয়! শ্রাবণের সোমবারে জল্পেশে মায়াবী এই দৃশ্য দেখে ভক্তরা খুশি হয়ে যান। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে সৃষ্টি হয়েছিল এক রাজকীয় ও স্বর্গীয় পরিবেশ। শ্রাবণী মেলা উপলক্ষে শৈবধামে আসা হাজার হাজার পুণ্যার্থীর ওপর আকাশ থেকে অবিরত ঝরে পড়ে সুবাসিত ফুলের বৃষ্টি। জল্পেশ মন্দিরে আগত ভক্তদের জন্য এই বিশেষ ‘পুষ্পবৃষ্টি’র আয়োজন করা হয়েছিল।

    জলপাইগুড়ির সাই (SAI) সেন্টার তথা স্পোর্টস কমপ্লেক্সের মাঠ থেকে উড়ে যায় পুষ্পবৃষ্টির বিশেষ হেলিকপ্টার। সেখান থেকেই পর্যাপ্ত পরিমাণে গাঁদা ফুল ও তাজা গোলাপের পাপড়ি সংগ্রহ করে হেলিকপ্টারে বোঝাই করে উড়ে যায় জল্পেশের উদ্দেশ্যে। এরপর আকাশপথে উড়ে গিয়ে জল্পেশ মন্দির প্রাঙ্গণ ও জল ঢালতে আসা শিবভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করা হয়।

    পরিবহন দফতরের আধিকারিক এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকের তরফে জানা গিয়েছে, রাজ্য সরকারের বিশেষ নির্দেশ ও উদ্যোগেই ভক্তদের সম্মানে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। আধিকারিক স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রীর বার্তা মেনেই পুণ্যার্থীদের জন্য এই পুষ্পবৃষ্টির আয়োজন। স্পোর্টস কমপ্লেক্সের মাঠ থেকে ফুল নিয়ে হেলিকপ্টার জল্পেশ মন্দিরের দিকে রওনা হয়। প্রচুর গাঁদা ফুলের পাশাপাশি গোলাপের পাপড়িও রাখা হয়েছিল সেখানে। এদিন জলপাইগুড়ির আবহাওয়াও অত্যন্ত মনোরম ও পরিষ্কার ছিল। ফলে ভক্তরা নির্বিঘ্নে ও আনন্দ সহকারে এই বিশেষ মুহূর্ত উপভোগ করেছেন।

    শ্রাবণী মেলার এই বিশেষ দিনে জল্পেশ মন্দিরে ভোলেবাবার মাথায় জল ঢালতে প্রতি বছরই রেকর্ড সংখ্যক মানুষের সমাগম হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য ও নেপাল-ভুটান থেকেও প্রচুর পুণ্যার্থী আসেন। আকাশে হেলিকপ্টার থেকে ফুল বর্ষণের এই অভিজ্ঞতা ভক্তদের আবেগ ও উৎসাহ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন উদ্যোক্তারা। একইসঙ্গে মেলা প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা বজায় রাখতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।
  • Link to this news (News18 বাংলা)