• পাকিস্তানকে দিয়েছেন 'মু-তোড়' জবাব, 'সিঁদুরের' বদলা নিয়়ে কর্মজীবনে ইতি টানলেন নদিয়ার জওয়ান
    News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
  • দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবশেষে নিজের মাটিতে ফিরলেন ‘সিন্দুর অপারেশন’-এ অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর এক বীর জওয়ান। রবিবার অবসর গ্রহণের পর নদিয়ার কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে পৌঁছাতেই তাঁকে ঘিরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। স্টেশন চত্বরে ফুলের তোড়া, মালা এবং উষ্ণ শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা। উপস্থিত ছিলেন রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীরাও।

    দেশের প্রতি তাঁর দীর্ঘদিনের আত্মত্যাগ ও নিষ্ঠার প্রতি সম্মান জানিয়ে প্রদীপ জ্বালিয়ে এবং কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে বীর জওয়ানকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত সকলেই করতালির মাধ্যমে তাঁর দেশসেবার অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং অবসর-পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানান। স্টেশন চত্বরে মুহূর্তটি আবেগে ভরিয়ে তোলে বহু মানুষের উপস্থিতি।

    সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি কৃষ্ণনগর স্টেশন থেকে নিজের গ্রামের বাড়ি নদিয়ার হৃদয়পুরের উদ্দেশে রওনা দেন। দীর্ঘদিন পর পরিবারের প্রিয় সদস্যকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এলাকার বহু মানুষও তাঁকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে ভিড় জমান। তাঁদের কথায়, দেশের নিরাপত্তার জন্য যিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় উৎসর্গ করেছেন, তাঁকে সম্মান জানাতে পেরে তাঁরা গর্বিত।

    সেনাবাহিনীর দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ‘সিন্দুর অপারেশন’-এর মতো গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়েছিলেন। দীর্ঘ কর্মজীবনে দেশসেবার কঠিন দায়িত্ব পালন করার পর এবার শুরু হতে চলেছে তাঁর জীবনের নতুন অধ্যায়। কর্মজীবনের ব্যস্ততা পেরিয়ে অবশেষে নিজের পরিবার ও গ্রামের মানুষের সান্নিধ্যে ফিরে আসায় হৃদয়পুর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। গ্রামবাসীদের আশা, ভবিষ্যতেও তাঁর অভিজ্ঞতা ও দেশপ্রেম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
  • Link to this news (News18 বাংলা)