জামাইবাবুর হাত ধরে বাড়ি ছেড়েছিলেন, ৩ দিনের মাথায় শ্যালিকার রহস্যমৃত্যু! ভয়ঙ্কর অভিযোগ পরিবারের
News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
সপ্তাহের প্রথমদিনে হাড়হিম কাণ্ড মুর্শিদাবাদ। সুতিতে এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ি থেকে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যাওয়ার তিনদিনের মাথায় জঙ্গিপুর এলাকা থেকে উদ্ধার হয় ওই যুবতীর মৃতদেহ। ঘটনায় খুড়তুতো জামাইবাবু আক্তারুল ইসলামের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম আঙুরা খাতুন। তাঁর বাড়ি সুতির নতুন অরঙ্গাবাদ গ্রামে। অভিযুক্ত আক্তারুল ইসলামের বাড়ি সুলতানপুর আলিয়া গ্রামে, তিনি সম্পর্কে আঙুরা খাতুনের জামাইবাবু। অভিযোগ, প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা দু’জনে। এরপর শ্যালিকার সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমনকি বিবাহবন্ধনে আবদ্ধও হন দু’জনে। অভিযোগ, এরপরই তাঁর কাছ থেকে সোনার গয়না ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি শারীরিক নির্যাতন চালান হয় আঙুরার উপরে। পরিবারের দাবি, অশান্তি চরমে উঠলে আঙুরাকে পরে ফিনাইল খাইয়ে খুন করা হয়।
পরিবারের আরও অভিযোগ, জামাইবাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বাড়ি ছাড়ার দু’দিনের মধ্যেই জঙ্গিপুর এলাকা থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। এরপর অভিযুক্তের বিরুদ্ধে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগপত্রে যুবতীর ফিনাইল পান করে মৃত্যুর বিষয়টিও উল্লেখ রয়েছে। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, নাকি সত্যিই খুন করা হয়েছে তাঁকে, খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।