• যন্তর মন্তরে বিক্ষোভ থেকে শিক্ষা, তরুণ প্রজন্মের সঙ্গে আলোচনায় আরএসএস প্রধান
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের জেরে উত্তাল হয় দেশ। যন্তর মন্তরে ওই বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। যন্তর মন্তরে আন্দোলন প্রত্যাহার করা হলেও ফের বিক্ষোভ শুরু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পড়ুয়ারা। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) মনে করছে জেন জ়ি–র এই আন্দোলনকে গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। আর এরই মধ্যে তরুণ প্রজন্মের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন RSS প্রধান মোহন ভাগবত। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার মুম্বইয়ে জেন জ়ি-র মুখোমুখি হবেন আরএসএস প্রধান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২ হাজার পড়ুয়া আসবে। ওই দিনই জেন জ়ি ও জেন আলফা-র সঙ্গে কথা বলবেন মোহন ভাগবত।

    কেন এই সম্মেলন?

    জানা গিয়েছে, India's International Movement to Unite Nations (IIMUN)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৬ অগস্ট, মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) হবে ওই সম্মেলন। এরই উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। জানা গিয়েছে,ককরোচ জনতা পার্টি (CJP) তথা পড়ুয়াদের এই বিক্ষোভ আন্দোলনের পরে নতুন করে চিন্তাভাবনা করছে আরএসএস। ওই আন্দোলনের জেরে তরুণ প্রজন্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নিয়ে সঙ্ঘ পরিবারের অভ্যন্তরে আত্মসমালোচনার প্রক্রিয়া শুরু হয়েছিল। ছাত্রদের এই আন্দোলনকে ‘কেস স্টাডি’ হিসেবে গণ্য করা উচিত, বলেও মনে করেন আরএসএসের একাধিক নেতা। আর যন্তর মন্তরে হওয়া ওই বিক্ষোভের পরেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কারণ বিজেপি ও আরএসএস নেতারা ব্যক্তিগতভাবে স্বীকার করছেন যে তরুণ প্রজন্মের সঙ্গে তাঁদের দূরত্ব ক্রমশ বাড়ছে। এই দূরত্ব কমানোর দিকেও নজর দেওয়ার কথা বলেন তাঁরা। এরই অংশ হিসেবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছ। আরএসএসের প্রবীণ কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালের পর থেকে এত বড় পরিসরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আর ভাষণ দেননি মোহন ভাগবত।এই অনুষ্ঠান জেন জ়ি ও জেন আলফা-র সঙ্গে তাঁদের দূরত্ব ঘোচানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করছেন তাঁরা।

    কারা থাকবে ওই সম্মেলনে?

    আর এসএসএস সূত্রে খবর, দেশের ১০০টিরও বেশি শহর থেকে আসবে কমবেশি ২ হাজার পড়ুয়া। তাদের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। ভারতীয় সংস্কৃতি অনুসরণ করে বিশ্বকে এক করার ক্ষেত্রে নতুন প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা হবে সেখানে। জানা গিয়েছে, ওই সম্মেলনে পড়ুয়ারা স্থানীয়, দেশ এবং বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বিতর্কেও অংশগ্রহণ করবে। আয়োজকদের মতে, নতুন প্রজন্মকে সঠিক দিশা দেখানোর পাশাপাশি তাদের মতামত শোনাও জরুরী। কারণ প্রশ্ন না করে কোনও কিছুই গ্রহণ করতে চাইছে না নতুন প্রজন্ম। ছাত্র আন্দোলনকে গভীরভাবে পর্যালোচনা করে আগামীর রূপরেখা তৈরি করতে চাইছে আরএসএস। সেই কাজটাই শুরু করা হবে ওই সম্মেলন থেকে।

    এক নজরে

    FAQ

    কাদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন আরএসএস প্রধান?

    নতুন প্রজন্মের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

    কোথায় এই সম্মেলন হবে?

    এই সম্মেলন হবে মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে।

    কবে এই সম্মেলন হবে?

    এই সম্মেলন হবে আগামী ৬ অগস্ট।

    কারা অংশ নেবে ওই সম্মেলনে?

    দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫ থেকে ১৯ বছর বয়সি প্রায় ২ হাজার পড়ুয়া অংশ নেবে ওই সম্মেলনে।

    কেন এই সম্মেলন?

    নতুন প্রজন্মের সঙ্গে দূরত্ব ঘোচাতে চাইছে আরএসএস। এই সম্মেলন সেই কাজে সহায়ক বলে মনে করছেন আরএসএস কর্মকর্তারা।

    এই সম্মেলন থেকে কী হবে?

    যন্তর মন্তরে হওয়া ছাত্র আন্দোলনকে গভীরভাবে পর্যালোচনা করে আগামীর রূপরেখা তৈরি করতে চাইছে আরএসএস। সেই কাজটাই শুরু করা হবে ওই সম্মেলন থেকে।

  • Link to this news (এই সময়)