হাজার হাজার মানুষের মুশকিল আসান! শহর ও শহরতলিতে এখন থেকে রাতেও মিলবে বাস পরিষেবা, দেখে নিন রুট
News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
রাতের শহরে যাতায়াত আরও সহজ করতে এখন থেকে কলকাতা ও শহরতলির একাধিক গুরুত্বপূর্ণ রুটে রাত্রিকালীন বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত রাজ্য পরিবহণ নিগমের। পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানান, সাধারণ মানুষ, বিশেষ করে হাসপাতালমুখী রোগী ও তাঁদের পরিজন, রাতের শিফটে কর্মরত কর্মী, অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং দূরপাল্লার ট্রেনের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, একসময় প্রয়াত পরিবহনমন্ত্রী সুভাষ চক্রবর্তীর উদ্যোগে চালু হওয়া রাত্রিকালীন বাস পরিষেবা নানা কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এবার নতুনভাবে সেই পরিষেবা ফিরিয়ে আনা হচ্ছে। প্রথম পর্যায়ে কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির সঙ্গে শহরতলির বিভিন্ন এলাকার সংযোগকারী রুটে এই পরিষেবা চালু হয়েছে।
আরও পড়ুন: গেমিং অ্যাপে আলাপ, মগজধোলাই, নজরদারির ‘অ্যাসাইনমেন্ট’! ২২ বছরের আদিত্যর বাড়িতে মিলল কী ডিভাইস? বেলিলিয়াস রোডে STF
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজ, আরজি. কর, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল, আর এন টেগোর, অ্যাপোলো, টাটা মেডিক্যাল সেন্টার-সহ একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে দিয়ে চলা বাসগুলির পরিষেবা রাত পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি হাওড়া স্টেশন, ডানলপ, রাজাবাজার, উল্টোডাঙা, বারাসত থেকে বিমানবন্দর, বারাকপুর, ইকো স্পেস ও কামালগাজির মতো গুরুত্বপূর্ণ গন্তব্যেও রাতের বাস চলবে।
একাধিক রুটে শেষ বাস রাত ১০টায় ছাড়বে। বস্তুত, এতদিন প্রতিদিন বহু রোগী ও তাঁদের পরিজনদের রাতের ট্রেনে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে পৌঁছে হাসপাতালে যাওয়ার জন্য বাস না পেয়ে সমস্যায় পড়তেন। সেই দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই ট্রেনের সময়সূচি মিলিয়ে নতুন বাসের সময় নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি পরিবহনমন্ত্রী আরও জানান, রাজ্যের যেসব গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে, সেগুলিও দ্রুত সংস্কার করা হবে। রাতের বাস পরিষেবা এবং রাস্তা সংস্কারের এই যুগ্ম উদ্যোগে কলকাতা ও শহরতলির লক্ষাধিক যাত্রী উপকৃত হবেন বলে আশা করছে পরিবহন দফতর সহ শহর ও শহরতলির বৃহৎ অংশের মানুষ।