হুমকির মুখে বহু বছর ধরে চুপ, এবার ভরসা মুখ্যমন্ত্রী! সোজা ফোন গেল শুভেন্দু অধিকারীর অফিসে
News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পীরখালি গ্রামের ১২ জন ভাগচাষীর পাট্টার জমি জোর করে দখল করে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই জমি ফেরতের জন্য মুখ্যমন্ত্রীর দফতরে ফোন করে ওই ভাগচাষীরা জমি ফেরানোর করুন আর্জি জানিয়েছেন। অভিযোগ জুলপিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব মণ্ডল, তাঁর ঘনিষ্ঠ কয়েকজন এবং এলাকার দুই প্রোমোটার দীনেশ নস্কর ও মোহিত নস্করের বিরুদ্ধে। দীর্ঘদিন ভয়ে মুখ খুলতে না পারলেও সম্প্রতি মুখ্যমন্ত্রীর দফতরের টোল-ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানিয়েছেন তাঁরা।
অভিযোগকারীদের দাবি, ১৯৯৫ সালে সরকারিভাবে পাট্টা পাওয়া জমিতে তাঁরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। ২০০২ সালে জমি সংক্রান্ত শুনানির পরও তাঁরা জমিতে চাষ চালিয়ে যান। পরে হঠাৎ জানতে পারেন, তাঁদের অজান্তেই ওই জমি বিক্রি হয়ে গিয়েছে। এর প্রতিবাদ করায় বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয় এবং প্রধান ও তাঁর অনুগামীদের ভয়ে একসময় জমি ছাড়তে বাধ্য হন। ২০১২ সালের পর থেকে হুমকি আরও বেড়ে যায় বলেও তাঁদের দাবি। ভাগচাষীদের বক্তব্য, দীর্ঘদিন আতঙ্কের কারণে তাঁরা থানায় অভিযোগ জানাতেও সাহস পাননি।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর দফতরের টোল-ফ্রি নম্বরে অভিযোগ জানানোর পর তাঁদের মধ্যে নতুন করে ন্যায়বিচারের আশা জেগেছে। প্রশাসন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে তাঁদের জমি ফিরিয়ে দেবে এমনটাই প্রত্যাশা ১২টি কৃষক পরিবারের। ভাগচাষী সঞ্জিত জমাদারের দাবি, তিনি বহু বছর ধরে জমিতে চাষ করলেও একসময় তাঁকে জানানো হয় জমিটি বিক্রি হয়ে গিয়েছে। প্রতিবাদ করায় তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আর এক ভাগচাষী পালান মণ্ডলের বক্তব্য, দীর্ঘদিন ভয়ের কারণে তিনি থানায় যেতে পারেননি।