• মালদহবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান! পৌরসভা হচ্ছে চাঁচল, তৈরি হবে কত ওয়ার্ড? জানুন
    News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
  • : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মালদহের চাঁচলকে পৌরসভায় উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু। রাজ্য বাজেটে চাঁচল ও গাজোলে নতুন পৌরসভা গঠনের ঘোষণার পর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন সক্রিয় হয়েছে। প্রথম পর্যায়ে চাঁচল শহর সংলগ্ন ৯টি মৌজা নিয়ে ২০টি ওয়ার্ড গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকা চিহ্নিতকরণ, জনবিন্যাস, জনঘনত্বের সমীক্ষা এবং প্রশাসনিক সীমানা নির্ধারণের কাজও শুরু হয়েছে। এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চাঁচল মহকুমা শাসকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী, উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) ভাস্কর মজুমদার এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিক। বৈঠকে চাঁচল পৌরসভার অন্তর্ভুক্ত হওয়া মৌজাগুলি নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সাংসদ খগেন মুর্মু জানান, “মোট ৯টি মৌজা নিয়ে ২০টি ওয়ার্ড গঠন করা হবে। পৌরসভার জনসংখ্যা ৩০ হাজারের বেশি রাখার লক্ষ্যেই পরিকল্পনা করা হয়েছে এবং প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। দ্রুতই চাঁচল পূর্ণাঙ্গ পৌরসভায় উন্নীত হবে।”

    পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি বলেন, “মালদহের ঐতিহ্যবাহী শহর চাঁচল অতীতে ঘোষণা হওয়া সত্ত্বেও পৌরসভার মর্যাদা পায়নি। বর্তমান রাজ্য সরকারের ঘোষণার পর মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলতেই প্রশাসনিক কাজ শুরু হয়েছে। শহর ঘেঁষা ৯টি মৌজাকে অন্তর্ভুক্ত করে পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।”

    ২০১১ সালের জনগণনা অনুযায়ী চাঁচল সেন্সাস টাউনের জনসংখ্যা ছিল ৫,৫৭০। এর মধ্যে পুরুষ ২,৮২৭ জন (৫১ শতাংশ), মহিলা ২,৭৪৩ জন (৪৯ শতাংশ) এবং ০ থেকে ৬ বছর বয়সি শিশু ছিল ৬৩৪ জন, যা মোট জনসংখ্যার ১১.৩৮ শতাংশ। প্রতি ১,০০০ পুরুষে নারীর সংখ্যা ছিল ৯৭০ এবং ১.৭৯ বর্গকিলোমিটার এলাকায় জনঘনত্ব ছিল প্রতি বর্গকিলোমিটারে ৩,১১২ জন। বর্তমানে পার্শ্ববর্তী মৌজাগুলি যুক্ত হওয়ায় জনসংখ্যা ও বিস্তৃতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রশাসনের আশা, পৌরসভা গঠনের পর চাঁচলে রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, সৌন্দর্যায়ন এবং অন্যান্য নাগরিক পরিকাঠামোর আরও উন্নয়ন হবে। একই সঙ্গে দীর্ঘদিন গ্রাম পঞ্চায়েতের আওতায় থাকা এই শহর আধুনিক নগর পরিষেবার সুবিধাও পাবে।
  • Link to this news (News18 বাংলা)