• চাকরিপ্রার্থীদের বিশাল উপহার দিল রেল, টেনশন ছাড়া পৌঁছবেন পরীক্ষাকেন্দ্রে! কী ব্যবস্থা নেওয়া হল?
    News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
  • রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) সিবিটি বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থীদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল দক্ষিণ পূর্ব রেল। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একাধিক রুটে একগুচ্ছ ‘এক্সামিনেশন স্পেশাল’ বা পরীক্ষা বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ ট্রেনগুলির বিস্তারিত দিনক্ষণ, স্টপেজ ও রুট জানান হয়েছে। রেলের এই উদ্যোগের ফলে ভিন রাজ্যে বা দূরবর্তী পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছতে পরীক্ষার্থীদের আর চরম ভোগান্তির মুখে পড়তে হবে না।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৮১৮৩/০৮১৮৪ রাউরকেল্লা-রামগড় ক্যান্টনমেন্ট স্পেশাল ট্রেনটি রাউরকেল্লা থেকে ৩ থেকে ৬, ৯ থেকে ১৪ এবং ১৭ থেকে ২১ অগস্ট রাত সাড়ে আটটায় ছাড়বে। ফিরতি পথে এটি রামগড় থেকে ৪ থেকে ৭, ১০ থেকে ১৫ এবং ১৮ থেকে ২২ অগস্ট ভোর সওয়া পাঁচটায় ছাড়বে। যাত্রাপথে এই ট্রেনটি বানো, হাটিয়া, রাঁচি এবং মুড়ি স্টেশনে দাঁড়াবে। অন্যদিকে ০৮৬০১/০৮৬০২ রাঁচি-সবর স্পেশাল ট্রেনটি রাঁচি থেকে ৩ থেকে ৬, ৯ থেকে ১৪ এবং ১৭ থেকে ২১ অগস্ট সন্ধে সাতটায় ছাড়বে। এটি সবর থেকে ৪ থেকে ৭, ১০ থেকে ১৫ এবং ১৮ থেকে ২২ অগস্ট সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে রওনা দেবে। এই ট্রেনটির স্টপেজগুলি হল বরকাকানা, হাজারিবাগ টাউন, কোডারমা, তিলইয়া, নাওয়াদা, ওয়ারিসলিগঞ্জ, শেখপুরা, লাকিসরাই, কিউল, অভয়পুর, জামালপুর, সুলতানগঞ্জ এবং ভাগলপুর স্টেশন।

    এর পাশাপাশি ০৮১৮১/০৮১৮২ টাটানগর-রামপুর বাজার স্পেশাল ট্রেনটি টাটানগর থেকে ৩ থেকে ৬ এবং ৯ থেকে ১৪ অগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় রওনা হয়ে পরের দিন সকাল সাড়ে নয়টায় রামপুর বাজার পৌঁছবে। ফেরার পথে ট্রেনটি রামপুর বাজার থেকে ৪ থেকে ৭ এবং ১০ থেকে ১৫ অগস্ট সকাল দশটায় ছেড়ে রাত বারোটা পঁয়তাল্লিশে টাটানগরে আসবে। দক্ষিণ পূর্ব রেলের অধীনে খড়গপুর এবং আন্দুল স্টেশনে এই ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে। এই ট্রেনগুলির ফলে পরীক্ষার্থীদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে এবং যাতায়াত আরও সহজ ও ভাল হবে বলে মনে করা হচ্ছে।

    তবে স্পেশাল ট্রেন চালুর এই খুশির খবরের মাঝেই যাত্রীদের জন্য কিছুটা দুর্ভোগেরও খবর রয়েছে। আদ্রা ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য বেশ কয়েকটি লোকাল ও মেমু ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে রেল। ৩, ৪, ৬, ৭ এবং ৯ অগস্ট আসানসোল-আদ্রা-আসানসোল মেমু বাতিল থাকছে। ৭ ও ৯ অগস্ট আদ্রা-মেদিনীপুর এবং আদ্রা-ভাগা মেমু চলবে না। ৩ ও ৬ অগস্ট বাতিল থাকছে আসানসোল-পুরুলিয়া মেমু। ৫, ৭, ৮ ও ৯ অগস্ট টাটানগর-আসানসোল মেমু এবং ৪, ৬ ও ৭ অগস্ট ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমুর মত গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল থাকছে। তাই যাত্রীদের বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের সময়সূচি ভাল করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)