• ভারতে প্রথম প্রকাশ্যে আসছেন হাসিনা, মুজিবুর-কন্যার 'পাশে' দাঁড়ালেন তসলিমা
    আজ তক | ০৩ আগস্ট ২০২৬
  • ভারতে আসার প্রায় দু'বছর পর প্রথমবার প্রকাশ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার বিদেশি সংবাদদাতাদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia)-এর উদ্যোগে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।

    অনুষ্ঠানটি ৫ অগাস্ট ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত নয়াদিল্লির স্যার মার্ক টুলি অডিটোরিয়াম মথুরা রোডে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে FCC South Asia-র সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

    ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বড় প্রকাশ্য উপস্থিতি

    এই অনুষ্ঠানটি হবে শেখ হাসিনার সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে। ২০২৪ সালের ৫ অগাস্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে ছাত্রদের আন্দোলন দেশজুড়ে সরকারবিরোধী গণআন্দোলনের রূপ নেয়। বিক্ষোভকারীরা ঢাকায় বিভিন্ন সরকারি ভবনে হামলা ও ভাঙচুর চালালে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন। এর মাধ্যমে টানা প্রায় ১৬ বছরের তাঁর শাসনের অবসান ঘটে।

    ভারতে আসার পর থেকে শেখ হাসিনা প্রকাশ্যে কোনও রাজনৈতিক কর্মসূচি বা সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নেননি। ফলে এই ভার্চুয়াল ভাষণকেই তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

    আমন্ত্রণপত্র অনুযায়ী, শেখ হাসিনার সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের একাধিক রাজনীতিক, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তির।  তাঁদের মধ্যে থাকবেন শেখ হাসিনার ছেলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রাক্তন আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার ও সাবেক সাংসদ শাকিব আল হাসান প্রমুখ।

    তসলিমা নাসরিন 

    এদিকে কলকাতায় এক অনুষ্ঠানে লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশের তারেক রহমানের সরকারের সমালোচনা করেন। পরোক্ষে শেখ হাসিনা ও তাঁর দল আওয়ালি লিগের পাশে দাঁড়িয়ে বলেন, 'আওয়ামি লিগকে বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত হয়নি। এখন সেই দেশে জামাত ইসলামি বিরোধী দল। এটা ভাবা যায় না। এরা সেখানে থাকলে মৌলবাদ বাড়বে। আওয়ামি লিগের যারা বাইরে পালিয়ে বেড়াচ্ছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশে ফেরাতে হবে। গণতন্ত্রে এমন অত্য়াচার কাম্য নয়।' 

    হাসিনার প্রসঙ্গে তিনি বলেন,  'শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান। আমি জানি না তিনি ফিরতে পারবেন কি না। তবে গণতন্ত্রের স্বার্থে দেশে ফেরা তাঁর দরকার। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তাঁর সমালোচনা করেছি। তিনিও অনেক মসজিদ, মাদ্রাসা নির্মাণ করেছিলেন। তবে তারপরও চাই তিনি বাংলাদেশে ফিরুন।' 
  • Link to this news (আজ তক)