• বদলে যাবে দার্জিলিং-কালিম্পং, তৈরি হবে নতুন পুরসভা! উত্তরবঙ্গ উন্নয়নে বড় ঘোষণা অগ্নিমিত্রার
    News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
  • উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি পুরনিগমে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি সড়কপথে শিলিগুড়ি পুরনিগমে যান। সেখানে তাঁকে স্বাগত জানান পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই এবং প্রশাসকমণ্ডলীর সদস্য আর. বিমলা।

    জনসংযোগ কর্মসূচিতে ফোনের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে পৌর পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পরামর্শ শোনেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেওয়ার পাশাপাশি নাগরিক পরিষেবার মান আরও উন্নত করার ওপর জোর দেন। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভার আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন। প্রথম পর্যায়ের জনসংযোগ কর্মসূচি শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মন্ত্রী।

    সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পাল জানান, ডাবগ্রাম-ফুলবাড়িকে আলাদা পুরসভা করার প্রক্রিয়া দ্রুত শুরু হবে। স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জির বিধানসভায় উত্থাপিত দাবির ভিত্তিতে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। একইসঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিককে আধুনিক ‘হিল সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও ঘোষণা করেন। তাঁর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটন, বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং নগর অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে, যার সুফল পাবে গোটা উত্তরবঙ্গ।

    যানজট নিয়ন্ত্রণে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে মাল্টি-লেভেল পার্কিং নির্মাণ করা হবে। পাশাপাশি শিলিগুড়িতে চালু হবে ওয়ান-সাইড পার্কিং ব্যবস্থা। আগামী ১ সেপ্টেম্বর থেকে অ্যাপ-ভিত্তিক ও অনলাইন পার্কিং পরিষেবা চালু হবে। সমস্ত পার্কিং হবে বৈধ ও নিয়ন্ত্রিত। পার্কিং কর্মীদের নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র থাকবে। শহরে পরিচ্ছন্নতা বজায় রাখতে ১ সেপ্টেম্বর থেকেই রাস্তায় ময়লা বা থুতু ফেললে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার ব্যবস্থাও কার্যকর করা হবে। এছাড়া শিলিগুড়িতে প্রতিদিন সকাল ৬টা থেকে ময়লা পরিষ্কারের কাজ শুরু হবে। দুপুর ও সন্ধ্যায় আরও দু’দফা রাস্তা পরিষ্কার ও ঝাঁট দেওয়া হবে। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য পরিচ্ছন্নতা কর্মীদের অতিরিক্ত পারিশ্রমিকও দেওয়া হবে।

    নাগরিক পরিষেবাকে আরও প্রযুক্তিনির্ভর করতে শিলিগুড়ি পুরনিগম এলাকায় বসবাসকারী মানুষকে ‘স্বচ্ছ’ অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানান মন্ত্রী। কোথাও ময়লা পড়ে থাকতে দেখলে সেই অ্যাপে ছবি তুলে পাঠালেই কর্পোরেশনের পক্ষ থেকে দুই ঘণ্টার মধ্যে তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে। শিলিগুড়িতে ভারত পেট্রোলিয়ামের সহযোগিতায় আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পও গড়ে তোলা হবে। উত্তরবঙ্গের শহরগুলিতে আধুনিক নাগরিক পরিকাঠামো গড়ে তুলতে আধুনিক বাসস্টপ নির্মাণ করা হবে। সেখানে ডিজিটাল বিজ্ঞাপন, মোবাইল চার্জিংয়ের সুবিধা, বাসের রিয়েল-টাইম তথ্য, যাত্রীদের বসার জায়গা এবং বাসস্টপের দু’পাশে হ্যাঙ্গিং গার্ডেন থাকবে। পাশাপাশি মিরিকে পানীয় জল প্রকল্পের তিনটি এসটিপির কাজ চলতি বছরের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মিরিক লেক সংলগ্ন এলাকাকেও আরও আধুনিকভাবে সৌন্দর্যায়ন করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হবে।

    এছাড়া ২০২৭ সালের জুন মাসের মধ্যে উত্তরবঙ্গের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১,৬৯৮ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের কথা জানান মন্ত্রী। বস্তি এলাকায় কমিউনিটি টয়লেট এবং পর্যটন কেন্দ্রগুলিতে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। পাশাপাশি বড় বাজারগুলিতে পরিবেশবান্ধব ভেন্ডিং মেশিন বসানো হবে, যেখানে ভুট্টা ও আনারসের তন্তু দিয়ে তৈরি ব্যাগ মাত্র ১ টাকায় এবং পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ব্যাগ ৫ থেকে ১০ টাকায় পাওয়া যাবে। তাঁর বক্তব্য, উন্নত নাগরিক পরিষেবা, আধুনিক প্রযুক্তি, পরিচ্ছন্ন শহর, পরিবেশবান্ধব উদ্যোগ এবং শক্তিশালী নগর অবকাঠামোর মাধ্যমে উত্তরবঙ্গের শহরগুলিকে দেশের অন্যতম আধুনিক নগরাঞ্চলে পরিণত করাই রাজ্য সরকারের লক্ষ্য।
  • Link to this news (News18 বাংলা)